Ajker Patrika

মে দিবসে শ্রমিক দলের সমাবেশে আড়াই লাখ মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মে দিবসে শ্রমিক দলের সমাবেশে আড়াই লাখ মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ঘোষিত সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ওই সমাবেশে অন্তত আড়াই লাখ মানুষের সমাগম ঘটাতে চায় দলটি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘ঢাকা শহরের যত মানুষ আছে, তাদের মধ্যে থেকে এক ভাগ শ্রমিককেও আমরা সংগঠিত করতে পারিনি। আমরা যদি দুই ভাগ লোককে সংগঠিত করতে পারি, তাহলে আমাদের শ্রমিক সমাবেশে আড়াই লাখ লোক হবে।’

এ সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম প্রশ্ন রাখেন—তাঁরা শ্রমিকদের এই সমাবেশে সংগঠিত করতে পারবেন কি না। নজরুল ইসলাম খান জানান, আগামী ১ মে বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি এই সমাবেশের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করতে সাংবাদিকদের প্রতি এবং সাধারণ শ্রমিকদের অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ হবে। বেলা আড়াইটায় নয়াপল্টনে এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এ ছাড়াও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী থাকবেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির সরকার দেশের যেকোনো রাজনৈতিক দলের চেয়ে শ্রমজীবী মানুষের জন্য বেশি ভাবে। অনেক কিছু করতে চায়। কতটুকু পারবে তা অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, এই সরকার ক্ষমতায় আসার পরে ইরান ও ইসরায়েল-আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এটা তো প্রত্যাশিত ছিল না। সরকারের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। এ জন্য আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলেও বিঘ্নিত-বাধাগ্রস্ত হয়েছে। কিছু কাজ একটু বিলম্বিত হতে পারে।’

নজরুল ইসলাম বলেন, ‘আগে আমাদের যেসব দাবি ছিল, তার মধ্যে যা পূরণ হয়নি, তা সবই আমাদের এবারেরও দাবি। “নো ম্যাটার” যে বিএনপি ক্ষমতায় আছে। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি থেকে আমরা সরে যাব না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই দিবসটি (আন্তর্জাতিক শ্রমিক দিবস) শ্রমজীবী মানুষকে উদ্দীপ্ত করে। অধিকারহারা মানুষ মহান মে দিবসে উদ্দীপ্ত হয়। আমরা আশা করছি, জাতীয়তাবাদী শ্রমিক দলের পয়লা মের যে সমাবেশটি, সেটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক সৈয়দ শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত থেকে চিরতরে ইসরায়েল চলে গেলেন বিশেষ গোত্রের ২৫০ জন

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

হস্তান্তরের আগেই ফাটল সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনে

নকল পা সংযোজন ও বিকৃত মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবার

সরকারি কলেজের নারী ডেমোনেস্ট্রেটরকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত