
সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর থেকেই গুলশান-২-এর ভাড়া বাসা ফিরোজায় থাকছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে খালেদা জিয়ার বাড়ির পাশেই একটি বাড়িতে উঠবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের দেওয়া তথ্যমতে আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিরোজা সংলগ্ন ১৯৬ নম্বর বাড়িটি সবুজ গাছ-গাছালিতে ভরা। বাড়িটির ভেতরের পরিবেশ শান্ত। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের সঙ্গে কথা বললে তাঁরা জানান, তারেক রহমান এই বাড়িতে উঠবেন কিনা সেটি তাঁরা জানেন না।
তবে সূত্র বলছে, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারেক রহমানের দেশে ফিরে আসা এখন সময়ের ব্যাপারমাত্র। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন। আর দেশে ফিরে এই বাড়িতেই উঠবেন। এ জন্য বেশ কয়েক মাস আগে থেকেই বাড়িটি প্রস্তুত করে রাখা হয়েছে। তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে ওই বাড়িতে।
গুলশান–২ গোলচক্কর পেরিয়ে অ্যাভিনিউয়ের শেষ মাথায় ১৯৬ নম্বর বাড়ি। সাদা রঙের দোতলা বাড়িটি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে পরিদর্শন করে গেছেন। বাড়িতে মূল ভবন, সুইমিং পুল ছাড়াও সামনে অনেক খোলা জায়গা রয়েছে।
জানা গেছে, বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় দেড় বিঘা জমির ওপর নির্মিত বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এত বছর বাড়িটি তাঁর নিয়ন্ত্রণে থাকলেও নামজারি করা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন।
আগে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ বাড়িতে ভাড়া থাকতেন। ছয় মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দেন। এরপরই তারেক রহমানের বসবাসের জন্য সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
দলের বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন ১৭ বছর ধরে লন্ডনে থাকা বিএনপির এই নেতা।

গুলশানের এ বাড়ি ছাড়াও ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সেনানিবাসে প্রায় ৯ বিঘা (২ দশমিক ৭২ একর) জমির ওপর নির্মিত আরেকটি বাড়ি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রথমে নোটিশ, পরে আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়। ২০১০ সালের ডিসেম্বরে শহীদ মঈনুল হোসেন রোডের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর খালেদা জিয়া কিছুদিন ভাই শামীম এস্কান্দারের বাড়িতে ছিলেন। ২০১২ সালের ২১ এপ্রিল ‘ফিরোজা’য় ওঠেন তিনি।
ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি। তখন থেকেই সেখানেই অবস্থান করছেন তারেক রহমান। লন্ডনে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই উচ্ছেদ করতে হবে।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কাছে চিঠি লিখেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শক প্রতিষ্ঠান ডটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের’...
২০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁদের বিরুদ্ধে জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন।
২১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাঁর ‘পদমর্যাদা মন্ত্রীদের চেয়ে বেশি।’ আজ রোববার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে