
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাঁর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নাহিদ ইসলাম তারেক রহমানকে জানান, নবগঠিত সংসদে জাতীয় নাগরিক পার্টি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহি নিশ্চিত করবে। তবে যেকোনো সংকট সমাধানে সংলাপের পথ উন্মুক্ত থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এর দুই দিন পর আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নাহিদের বাসার ড্রয়িংরুমে তারেক রহমান ও নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় এনসিপির সদস্যসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।
বাসায় পৌঁছালে তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান নাহিদ। এ ছাড়া এনসিপির দলীয় প্রতীক শাপলা কলির ধাতব প্রতিকৃতি ও চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ আনাসের মর্মস্পর্শী চিঠির ফ্রেমে বাঁধানো প্রতিলিপি উপহার দেন নাহিদ ইসলাম।
এরপর দুই দলের নেতাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় নির্বাচন-পরবর্তী সময়ে নোয়াখালীর হাতিয়া, পঞ্চগড়সহ সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের হামলা ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। এ ছাড়া জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার রায় কার্যকরসহ বিগত সময়ের সব হত্যাকাণ্ডের বিচার অব্যাহত রাখতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান নাহিদ।
আলোচনা শেষে রাত সোয়া ৯টার দিকে নাহিদের বাসা থেকে বের হয়ে যান তারেক রহমান। বাইরে সাংবাদিকেরা থাকলেও তিনি কারও সঙ্গে কথা বলেননি। তারেক রহমান চলে যাওয়ার পর নাহিদের বাসার নিচে সংবাদ সম্মেলন করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘তারেক রহমান ও নাহিদ ইসলাম আজকে সৌজন্য সাক্ষাতে একত্রে বসেছেন। নির্বাচনে কয়েকটি আসনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন থাকলেও তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা ও তাঁর জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।’
আখতার হোসেন বলেন, ‘নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও আমরা কীভাবে একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সে বিষয়ে আমরা কথা বলেছি। সংস্কারের প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচার নিয়েও আমরা কথা বলেছি।’
বিএনপি সরকারের মন্ত্রিসভায় যোগদানের কোনো আহ্বান এনসিপি পেয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে আখতার বলেন, ‘এটা নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ। রাজনৈতিক যেসব বিষয়বস্তু থাকে, সে রকম কোনো বিষয়ে আমাদের আলোচনা হয়নি। নির্বাচনে জয়ী দল ও বিরোধী দল হিসেবে যাঁরা ফাংশন করবেন, তাঁদের মধ্যকার একটা সম্পর্কের সূচনা হিসেবে আজকের এই সাক্ষাৎ। অন্যান্য রাজনৈতিক প্রশ্ন নিয়ে এখানে আলোচনা হয়নি। সে বিষয়গুলো সামনের দিনে আমাদের মধ্যে আরও আলোচনা হবে। তখন এসব বিষয় পরিষ্কারভাবে জানানো যাবে।’
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে থাকা যেকোনো রাজনৈতিক দল, যারা বাংলাদেশকে নতুন করে গড়তে চায়—এমন রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, পলিসির ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা যাতে একত্রে বসতে পারি, সংলাপের মধ্য দিয়ে যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি, সে ব্যাপারে নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন। সংলাপের মধ্য দিয়ে সমস্যা সমাধানের বিষয়ে বিএনপির নেতারাও আগ্রহী। আমরা আশাবাদী, আজকের এই সাক্ষাৎ বা সংলাপের মধ্য দিয়েই আমরা দেশের সংকটকে সমাধানের দিকে নিতে পারব।’
এর আগে আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটিকে জামায়াতের আমিরের বাসভবন ছেড়ে যেতে দেখা যায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, তাঁর বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এ বিষয়ে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শও করছেন।
৭ ঘণ্টা আগে
মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এ বিষয়ে তাঁকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তাঁর রাজনৈতিক পরামর্শকেরা। তাই তিনি চুপ থাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। অবশেষে বুধবার (৩ জুন) রাতে সামাজিক মাধ্যমে পার্বত্যবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সদ্য পদত্যাগ করার কথা...
৮ ঘণ্টা আগে
সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ইসলামী ব্যাংক উদ্ধারের জন্য বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ...
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে