
গঠনের পাঁচ মাসের মধ্যে ১১ দলীয় জোটে যেন ভাঙনের সুর বেজে উঠছে। জোটের শরিক দলগুলোর প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব না মেলার পাশাপাশি আদর্শিক ও রাজনৈতিক দূরত্বও প্রকাশ পাচ্ছে। বিশেষ করে, সংরক্ষিত নারী আসনে সব দলের মতামত না নেওয়া, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, সংবিধান সংশোধন বিশেষ কমিটিতে অংশগ্রহণ প্রশ্নে মতপার্থক্য, এনসিপিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক নেতা-কর্মীদের যোগদান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিল নিয়ে এনসিপির অবস্থান এবং একক কর্তৃত্বের অভিযোগ জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
দলীয় সূত্র বলছে, জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলনের অভ্যন্তরে ইতিমধ্যে জোট ছাড়ার আলোচনা চলছে। আরও কয়েকটি দল জোট নিয়ে অসন্তোষের কথা জানিয়েছে।
শরিক দলগুলোর নেতারা বলছেন, জোটের দলগুলোকে এখনো পর্যন্ত ‘নামকাওয়াস্তে’ একসঙ্গে রেখেছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি। সংসদে বিরোধী-দলীয় অবস্থান আর জুলাই সনদ বাস্তবায়নের দাবি ছাড়া অন্য কোনো বিষয়ে এই জোটে কার্যকর সমন্বয় নেই। বিশেষ করে, স্থানীয় সরকার নির্বাচনে কয়েকটি সিটি করপোরেশনের মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতা না হলে জোটের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন নেতারা।
জোটের শরিক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে ব্যবধান রয়েছে।
অনেক প্রত্যাশাই পূরণ হয়নি। বিশেষ করে, সরকারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার ক্ষেত্রে সংসদে জামায়াতের যে ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম, তা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি না। দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জোটে থাকার কারণে তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে।’ তারপরও সংসদে ও রাজপথে শক্তিশালী বিরোধী দলের জন্য এই জোটের প্রয়োজন রয়েছে বলে মনে করেন সারজিস।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে জামায়াত দক্ষিণে মেয়র পদে শিবির নেতা সাদিক কায়েমকে প্রার্থী করার কথা বলছে।
এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত যদি ঢাকা দক্ষিণের মেয়র পদে ছাড় না দেয়, তাহলে জোট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেবে এনসিপি। এ বিষয়ে দলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম আহ্বায়ক বলেন, ঢাকা দক্ষিণে ছাড় না পেলে জোটের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। এনসিপি জোট ছেড়ে বের হয়ে যেতেও পারে।
তবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর মতে, ১১ দলীয় জোট মূলত একটি নির্বাচনী ঐক্য ছিল। নির্দিষ্ট রাজনৈতিক অ্যাজেন্ডা বা দীর্ঘমেয়াদি কর্মসূচির ভিত্তিতে জোটটি প্রতিষ্ঠিত হয়নি। সে সময় জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছিল যে এটি শুধু একটি ‘নির্বাচনী জোট’। নির্বাচনের পর এই জোট কার্যকর থাকার কথাও ছিল না। তবে বর্তমানে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জোটটি কোনোভাবে টিকে আছে।
জোটের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে মঞ্জু বলেন, কিছু টানাপোড়েন থাকাটা স্বাভাবিক। কারণ জোটের কিছু দল সংসদে প্রতিনিধিত্ব করছে, আবার কিছু দল সংসদের বাইরে রয়েছে। তা ছাড়া জোটটি আনুষ্ঠানিকভাবে খুব বেশি সংগঠিত নয়। ফলে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দিচ্ছে। সংসদের সংরক্ষিত নারী আসনের বিষয়েও জোটের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তাঁদের সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি বলেও উল্লেখ করেন।
সূত্রমতে, খেলাফত আন্দোলনের ভেতরে জোট ছাড়ার বিষয়ে আলোচনা চলছে। ১১ দলীয় জোট ছাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে দলের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী বলেন, ‘জোটের কোনো প্রোগ্রামে আপাতত আমরা যাচ্ছি না। তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো আমরা নিইনি। চলতি মাসের ১০ তারিখে আমাদের মজলিসে আমেলার মিটিং আছে, সেই মিটিংয়ে জোটে থাকা না থাকার বিষয়টি চূড়ান্ত হবে।’
যদিও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জোট ত্যাগের আশঙ্কার বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে। তাঁরা বলেছেন, আমরা জোট থেকে বের হওয়ার ঘোষণা দিইনি।’
জোটে জামায়াতের একক কর্তৃত্বের অভিযোগের বিষয়ে এই নেতা বলেন, ‘এই অভিযোগ সঠিক না। কেউ যদি এমন অজুহাত দাঁড় করায় সেটা ভিন্ন। আমাদের মধ্যে এরকম কিছু নেই। আমরা সবাইকে সমান দৃষ্টিতে সমান গুরুত্ব-মর্যাদা দিই।’

এই চুক্তি যুক্তরাষ্ট্রের প্রশাসন তৈরি করেছে এবং বাংলাদেশের পক্ষে যারা স্বাক্ষর করেছেন–তাঁরা দেখতে বাংলাদেশের মানুষের মতো চেহারার কিন্তু তাঁরা আসলে মার্কিন প্রশাসনের লোক। তাঁদের মেরুদণ্ড নাই, কোনো দায়–দায়িত্ব নাই এবং দেশের সর্বনাশ করতে তাঁদের কোনো কুণ্ঠা নাই...
৬ ঘণ্টা আগে
নাহিদ ইসলাম বলেন, ‘লজ্জাজনক বক্তব্য দেওয়ার তিন দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাখ্যান করেননি। সরকারের পক্ষ থেকেও এ ধরনের বক্তব্যের কোনো নিন্দা জানানো হয়নি। এ জন্য আমাদের ধরে নিতে হচ্ছে, সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যই সীমান্ত হত্যা নিয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান...
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা সম্পন্ন করেছে দলটি। গতকাল ও আজ শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অব্যাহত কূটনৈতিক সমর্থন ও সম্পৃক্ততার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। বৈঠকে দ্বিপক্ষীয় ও কৌশলগত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
১ দিন আগে