Ajker Patrika

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন
সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বিট সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আগে ঢাকায় দিতে হবে। তা না হলে বুঝতে হবে সরকার জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।’

তিনি অভিযোগ করেন, ‘ঢাকা শহর চাঁদাবাজি ও টেন্ডারবাজির নগরীতে পরিণত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর কোনো পরিকল্পনা নেই, ফলে শহরটি ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা নগর ব্যবস্থাপনার দুর্বলতার প্রমাণ।’

জলাবদ্ধতা ও ময়লা সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে মাঠে নেমে আন্দোলনের ঘোষণা দেন সেলিম উদ্দিন। পাশাপাশি নাগরিক সেবা উন্নত করা এবং দালালচক্র নির্মূলেরও দাবি জানান তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, বিএনপি অতীতে সংবিধান পরিবর্তনের কথা বললেও এখন সেই সংবিধানকেই আঁকড়ে ধরেছে। তাঁর ভাষায়, জনগণের রায়ই চূড়ান্ত সংবিধান, এর ঊর্ধ্বে কোনো বিকল্প নেই।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা বিএনপি পেলেও ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আন্তরিকতা দেখাচ্ছে না। এর রাজনৈতিক মূল্য দলটিকে দিতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে এবং বিরোধী দলের সব বক্তব্যকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা উচিত। তাঁর মতে, জুলাইয়ের চেতনায় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাও বিদ্যমান।

মতবিনিময় সভায় আরও ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত