সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অস্ট্রেলিয়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি। বর্তমান সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ কেন্দ্র করেই সফর সংক্ষেপ করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা। জামায়াতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সফরে অস্ট্রেলিয়ায় চার দিন ও মালয়েশিয়ায় দুই দিন অবস্থান করে দেশ দুটির উচ্চপর্যায়ের সরকারি ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টেও সফর সংক্ষেপ করে দেশে ফেরার কথা জানান। তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি।’









