Ajker Patrika

সরকার ভুল পথে গেলে বিএনপির পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে: সারজিস আলম

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৬: ২৯
সরকার ভুল পথে গেলে বিএনপির পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে: সারজিস আলম
লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস। ছবি: আজকের পত্রিকা

সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি নয়, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে এসে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সরকারকে লাইনে রাখার জন্য, সরকারের যৌক্তিক সমালোচনা করার জন্য ছায়া মন্ত্রিসভার মতো যেকোনো প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কারণ দিনশেষে সরকার যদি ঠিক পথে না থাকে, তাহলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না; আমরাও ক্ষতিগ্রস্ত হব, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে।’

সারজিস আলম বলেন, সরকারের ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যর্থতা রয়েছে, এনসিপি সেগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে।

সারজিস আলম আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ধরনের অগ্রাধিকার ছিল, এখন তা নেই বা পাওয়া যাচ্ছে না। তখন মামলার তদন্ত কার্যক্রম বা আইসিটি কার্যক্রম যত দ্রুতগতিতে চলছিল, এখন তা দেখছি না। এটাই সত্য। সরকারের ছয় মাসে যেসব জায়গায় ব্যর্থতা হয়েছে, সেগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি।’

এনসিপি বিরোধী দল হিসেবে সংসদে, রাজপথে ও সব জায়গায় সরকারকে প্রশ্ন করা, যেকোনো ধরনের ব্যর্থতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণের সামনে তুলে ধরা এবং বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাবে বলেও জানান সারজিস আলম।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত