সম্প্রতি অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত এক সংলাপে উঠে আসে শিশুশ্রমিকদের নির্যাতন বা দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ব্যাপারটি। শুধু তা-ই নয়, দীর্ঘ সময় ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করায় এই শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়—এমন অভিযোগও ছিল ওই সংলাপের বিষয়। এ নিয়ে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
এটা বোঝা খুব কঠিন নয় যে দরিদ্র পরিবারের শিশুরা দারিদ্র্যের কারণেই যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হয়। এ জন্য তাদের মা-বাবাকে দায়ী করার আগে পরিবারের আর্থিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, সে নিয়ে ভাবা জরুরি।
এ দেশে পথেঘাটে চলতে-ফিরতে দেখা যায়, শিশুরা অনেক ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। বুক বাইন্ডিং, রাজমিস্ত্রি, লেগুনা ও বাসের হেলপার, ইট ভাঙা, হোটেল-রেস্তোরাঁর কাজে ও ওয়েল্ডিংয়ের কাজসহ নানা ধরনের কারখানায় শিশুরা শ্রম দেয়। অনেক ক্ষেত্রে মালিকেরা শুধু খাওয়ার বিনিময়ে মজুরি না দিয়ে কাজ করিয়ে নেন। অনেক শিশু গৃহকর্মী হিসেবে কাজ করে শুধু খাওয়ার বিনিময়ে। সামান্য ভুলের কারণে গৃহকর্তা শিশুদের ওপর নির্যাতন করেন। এই নির্যাতন কখনো কখনো হত্যাকাণ্ডের মতো ঘটনায় পরিণত হয়।
কোনো মা-বাবা ইচ্ছে করে কখনো নিজের সন্তানকে কাজে যুক্ত করতে চান না। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাঁরা এমনটা করতে বাধ্য হন। সন্তানদের সামান্য আয় যেন সংসারে কিছুটা স্বস্তি যোগ করে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুযায়ী বাংলাদেশে ৫-১৭ বছর বয়সী কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখের বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ ৬৮ হাজার। এ পরিসংখ্যান থেকে স্পষ্ট যে দেশে শিশুশ্রমিকের অবস্থা কতটা ভয়াবহ। যে বয়সে শিশুর স্কুলে যাওয়ার কথা, সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটানোর কথা, সে বয়সে এ দেশের বিরাটসংখ্যক শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হতে হচ্ছে। এর চেয়ে নির্মম সংবাদ আর কী হতে পারে?
বেশির ভাগ শিশুশ্রমিকের জীবনের গল্পই দুঃসহ, হৃদয়বিদারক। শিশুশ্রম শিশুর জীবনের এক অমানবিক অধ্যায়, যা শিশুর স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে; বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও পারিবারিক আচরণ এবং নৈতিক জীবনকে বাধাগ্রস্ত করে। জীবনের একটি পর্যায়ে অপরাধের দিকে ধাবিত হতে দেখা যায় তাদের।
বাংলাদেশের শ্রম আইন, ২০০৬ অনুযায়ী, ১৪ বছর বয়সের কম বয়সী কোনো শিশুকে কোনো ধরনের কাজেই নিয়োগ করা যাবে না এবং ১৮ বছর বয়সের নিচের কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। আইন ভঙ্গে অভিভাবকদের জন্য রয়েছে শাস্তির বিধান।
কিন্তু শুধু আইন করে শিশুশ্রম বন্ধ করা যাবে না। শিশুরা কেন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হতে বাধ্য হয়, তার আসল কারণ উদ্ঘাটন এবং সে সমস্যা সমাধানের উপায় বের করা জরুরি। এ বিষয়ে আমাদের দেশে রাষ্ট্রীয় উদ্যোগ কতটা গ্রহণ করা হয়েছে, সেটাও বিবেচনায় আনতে হবে।

হাকালুকি হাওর শুধু প্রাকৃতিক মাছের আধার নয়, বরং পরিবেশ রক্ষারও কবচ। এশিয়ার অন্যতম বৃহৎ এই মিঠাপানির জলাভূমি আজ বিপন্নের পথে। প্রতিদিন শত শত মানুষ এই হাওর ঘিরে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে থাকে। হাওরটির পশ্চিমে আছে ভাটেরা পাহাড় ও পূর্বে আছে পাথারিয়া মাধব পাহাড়।
১৩ ঘণ্টা আগে
শুরুতেই বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে গেল, যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন-পুরোনো শিক্ষার্থীরা সারা জীবন লজ্জা পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বড় দুঃসংবাদ আগে কখনো এসেছে বলে মনে হয় না। বিস্ময়ের ব্যাপার, এই লজ্জা এসেছে ডাকসুর বিশেষ এক কাণ্ডের কারণে।
১৩ ঘণ্টা আগে
১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকে। আহত হন ৭৩ জন এবং ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্মরণে প্রতিবছরের ১৭ সেপ্টেম্বর দিনটি ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
১৪ ঘণ্টা আগে
যাঁরা হলিউডের ‘দ্য ম্যাট্রিক্স’ ট্রিলজি কিংবা ‘আই, রোবট’ সিনেমাটি দেখেননি এখনো, তাঁদের জন্য সারসংক্ষেপ বলতে হয়। ‘ম্যাট্রিক্স’-এ দেখানো হয়, ভবিষ্যতের পৃথিবীতে রোবটরা জয়ী হয়েছে এবং তারা মানুষকে এক ভার্চুয়াল বাস্তবতায় বন্দী করে শক্তির উৎস বা ব্যাটারি হিসেবে ব্যবহার করছে। মানবজাতির শেষ অবশিষ্টাংশ...
১ দিন আগে