Ajker Patrika

৫০তম মৃত্যুবার্ষিকী, মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা

মো. হারুন অর রশীদ
৫০তম মৃত্যুবার্ষিকী, মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা
ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ—তিন আমলেই মওলানা ভাসানী ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ছবি: সংগৃহীত

মওলানা ভাসানী সুদীর্ঘ এবং বিচিত্র ঘটনাবহুল জীবনের অধিকারী ছিলেন। বিদ্যাশিক্ষার একপর্যায়ে তিনি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। দেওবন্দপন্থী মওলানা মাহমুদুল হাসান ব্রিটিশ সাম্রাজ্যবাদের ঘোর বিরোধী ছিলেন, যাঁর রাজনৈতিক আদর্শ ছিল নিপীড়িত মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি। এই বিপ্লবী ব্যক্তিত্বের সংস্পর্শে এসে ভাসানী বিশেষভাবে উপকৃত হন। তিনি তাঁর জীবনের লক্ষ্যে পৌঁছানোর দিশা খুঁজে পান।

১৯০৫ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে শুরু হয় উত্তাল আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন বর্ণহিন্দু সম্প্রদায়। আর বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন বাংলার মুসলিম জমিদারেরা। ভাসানী এর কোনো পক্ষেই ছিলেন না। বঙ্গভঙ্গে মুসলমানরা খুশি আর রদ হলে হিন্দুরা খুশি—এভাবে তিনি দেখতে চাননি। তিনি বরং মনে করতেন, ‘দুনিয়ায় মানুষ দুই ভাগে বিভক্ত—শোষক আর শোষিত, জালেম আর মজলুম’।

১৯১৭ সালে আরও অনেকের সঙ্গে কংগ্রেস নেতা মওলানা মোহাম্মদ আলী ভারত রক্ষা আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে নিক্ষিপ্ত হন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এই গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে সে বছর ময়মনসিংহে আসেন। এ সময় ভাসানী বরিশালসহ পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় চিত্তরঞ্জন দাশের সঙ্গে সফর করে তাঁর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে কয়েকজন শীর্ষস্থানীয় ইসলামি চিন্তাবিদের নৈকট্য লাভ করেন। তাঁদের মধ্যে আল্লামা আজাদ সোবহানী, মওলানা হাসরত মোহানী, মওলানা ওবায়েদুল্লাহ সিন্ধী প্রমুখ। এ ধরনের নানা ঘটনায় তিনি কংগ্রেস ও মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হতে থাকেন। স্থানীয় জমিদারদের অন্যায় অত্যাচারেরও তিনি প্রতিবাদ করতে থাকেন। সন্তোষের মহারাজদের বিরুদ্ধে প্রতিবাদের একপর্যায়ে ১৯২৬ সালে পূর্ব বাংলা প্রাদেশিক সরকার তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করলে তিনি আসাম চলে যান।

আসামে অভিবাসী বাঙালিরা তখন অমানবিক লাইন প্রথার মাধ্যমে নির্যাতিত। তিনি তখন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি ৮০ তোলার বাইরে সব বাটখারার বিরুদ্ধে ওজন আন্দোলন সংঘটিত করেন। ব্রহ্মপুত্র অববাহিকায় ভাসান চরে বিশাল কৃষক সম্মেলনের মাধ্যমে তিনি ‘ভাসানী’ উপাধি পান।

পরবর্তী সময়ে তিনি আসাম মুসলিম লীগের সভাপতি ও গণপরিষদ সদস্য নির্বাচিত হন। তিনিই প্রথম বাংলায় বক্তব্য দেওয়ার দাবি তোলেন আসাম গণপরিষদে। এরপর পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরেই ধর্মভিত্তিক রাষ্ট্রের প্রতি ভাসানীর মোহমুক্তি ঘটে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতেও তিনি সচেষ্ট ছিলেন। মুসলিম লীগ সরকারবিরোধিতায় ’চুয়ান্নর যুক্তফ্রন্ট গঠনে মওলানা ভাসানী নেতৃত্বদায়ী ভূমিকায় ছিলেন।

মুসলিম লীগ সমাজের প্রভাবশালী বিত্তবানদের সংগঠন হওয়ায় পাকিস্তান সৃষ্টির ঠিক পরপরই মওলানা ভাসানী ১৯৪৯ সালে মুসলিম লীগ ছেড়ে আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। তিনি এই সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হন। কিন্তু পরে সাম্প্রদায়িক খোলস ত্যাগ করে ১৯৫৫ সালে আওয়ামী লীগ গঠন করেন। ওই দলেরও প্রথম সভাপতি ছিলেন ভাসানী। কাগমারী সম্মেলনের মাধ্যমে তিনি সালাম জানিয়ে পরোক্ষভাবে পাকিস্তান থেকে বিভক্তির ইঙ্গিত দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী দায়িত্ব নিলে তাঁর সঙ্গে দূরত্ব বাড়ে ভাসানীর। সোহরাওয়ার্দী পশ্চিম পাকিস্তানে এক ইউনিট ভেঙে দিতে বিভক্তির ব্যাপারে দ্বিধায় ছিলেন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের বিষয়ে এড়িয়ে যাচ্ছিলেন। বরং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে সিয়াটো, সেন্টো সামরিক চুক্তির পক্ষে অবস্থান গ্রহণ করেন। সোহরাওয়ার্দী জোটনিরপেক্ষ আন্দোলনের বিরোধী ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক টানাপোড়েনে মওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করেন। ১৯৫৭ সালে গঠন করেন পাকিস্তানের দুই অংশভিত্তিক ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। সভাপতি হন মওলানা ভাসানী।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে গমন করেন ও প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পরে তৎকালীন সরকারের নানা অপতৎপরতার তিনি সমালোচনা করেন। ১৯৭৬ সালে গঙ্গার পানিবণ্টন চুক্তির দাবিতে ভাসানী ফারাক্কা লংমার্চে নেতৃত্ব দেন, যখন তাঁর বয়স ৯৫ বছর। পূর্ববঙ্গে মওলানার আগেও কৃষক সমাবেশ হয়েছে। কিন্তু খোদ কৃষকের গায়ের গন্ধ নিয়ে কেউ কৃষক সমাবেশ-সম্মেলন করেনি। যেভাবে লাখো কৃষকের অংশগ্রহণে তিনি কৃষক সমাবেশের আয়োজন করেছেন, সেটাও হয়নি কখনো।

কৃষক আজ ফসলের দাম পায় না। বাংলাদেশে এখনো বেশির ভাগ মানুষের প্রধান খাদ্য ভাত, অথচ আজ ধানচাষি লোকসানে। এ দেশে কৃষক ধান উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হয়। সার, বীজ ইত্যাদি কৃষি উপকরণ এখন বহুজাতিক কোম্পানির দখলে। এ নিয়ে সরকার বা কোনো রাজনৈতিক সংগঠনের কোনো বক্তব্য শোনা যায় না। শুধু নামসর্বস্ব কয়েকটি কৃষক সংগঠন মাঝেমধ্যে কিছু কর্মসূচি পালন করে থাকে। যত দল, তত কৃষক সংগঠন, কিন্তু এসব সংগঠন দিয়ে কৃষকের কোনো কাজে আসে না!

গঙ্গার পানিবণ্টন চুক্তি এ বছর ডিসেম্বরেই শেষ হবে। কিন্তু ভারতের সঙ্গে এ চুক্তি নিয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। এ ধরনের চুক্তি করতে হলে যে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, সেটা সরকারের পক্ষ থেকে এখনো দেখা যাচ্ছে না।

নব্বইয়ের দশকে একটি জনপ্রিয় স্লোগান ছিল—‘মা, মাটি, মোহনা, বিদেশিদের দেব না’। অথচ তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতামূলক বাণিজ্য চুক্তি সম্পাদন করে দেশকে মূলত একটা অধস্তন দেশে পরিণত করেছেন। তাঁর আমলেই লালদিয়া ও পানগাঁও বন্দর বিদেশিদের হাতে দীর্ঘ মেয়াদে তুলে দেওয়া হয়েছে। বিএনপি সরকার বাণিজ্য চুক্তি মেনে নিয়েছে। বর্তমান সরকার লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিয়েছে। বিরোধী দলও মার্কিন চুক্তি নিয়ে কোনো বিরোধিতা করছে না।

কোনো প্রতিরোধই আপনা থেকে হয় না। প্রতিরোধ করতে চাই শ্রমিক, কৃষকের সম্মিলিত উদ্যোগ। মওলানা আমাদের সেই দিশা দিয়েছেন। তিনি ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ—তিন আমলেই জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছেন। আইয়ুব আমলে পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত বন্ধ করার পাঁয়তারা করেছিল, তখন মওলানা গর্জে উঠেছিলেন। আমাদের মনে রাখা প্রয়োজন, পাকিস্তান আমলে ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল সরকার ও ব্যবস্থার বিরুদ্ধে প্রগতির পক্ষে জনমত তৈরি করতে ভূমিকা রাখতে পেরেছিলেন মওলানা ভাসানী। বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রগতিমুখী সংগ্রামের জন্য মওলানার জীবন ও সংগ্রামের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত