ভদ্রলোকের নাম কামাল উদ্দিন। আমার নামের একটা অংশও কামাল। ওই একটা অংশ ছাড়া আর কোনো মিল সম্ভবত নেই। উনি অ্যাডভোকেট, আমি সাংবাদিক। আইন পেশার পাশাপাশি উনি রাজনীতি করেন, আমি কোনো রাজনীতিই করি না। একসময় তিনি আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। এখন আর কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নিচের সারির খুচরা নেতা নন, বরং নতুন একটি দলের স্বঘোষিত সভাপতি। তাঁর দলের নাম—বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ! চব্বিশে আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর আগেই তিনি তাঁর দল থেকে বহিষ্কৃত হন। সে হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন দেশ থেকে পালিয়ে বাইরে চলে গেলেন, তখন উনি আওয়ামী লীগের কেউ নন। তারপরও আওয়ামী লীগের জন্য তাঁর অনেক মায়া। ‘আওয়ামী লীগ’ নামটা বাঁচিয়ে রাখার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন, গঠন করেছেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ।’
নাম দেখেই বোঝা যায়, আওয়ামী লীগের যে কর্মী-সমর্থকেরা দেশ ছেড়ে পালিয়ে যাননি, তাঁদের জন্য এই সংগঠন। অনেকে মনে করেন, আওয়ামী লীগ অনেক বড় একটা সংগঠন। এর শিকড় সমাজের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থকের তুলনায় পালিয়ে যাওয়া নেতাদের সংখ্যা খুবই কম। শতাংশের হিসাবে ভগ্নাংশের মধ্যেই সীমাবদ্ধ। তাই দেশে থাকা, যাকে ওই ভদ্রলোক ‘নন-পলাতক’ বলছেন, আওয়ামী লীগারদের নেতা উনি কীভাবে হন? তা ছাড়া উনি তো আরও চার বছর আগেই দল থেকে বহিষ্কৃত!
গুরুত্ব আপনি যত কমই দেন না কেন, বাস্তবতা হচ্ছে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ নামে উনি এখন দেশজোড়া পরিচিতি পেয়েছেন। সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে, কিন্তু ‘আওয়ামী লীগ’-এর আগে ‘নন-পলাতক’ লাগিয়ে নিলে সম্ভবত আর কোনো সমস্যা থাকবে না! থাকছে যে না, এটা বোঝা গেল সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে। তাঁর ফাতরামিতে উত্ত্যক্ত হয়ে কিছু লোক যখন তাঁর বাড়িতে চড়াও হলো, তিনি প্রশাসনকে জানালেন, পুলিশ এসে তাঁকে উদ্ধার করল। থানায় নিল, নিরাপত্তা দিল, তারপর আদালত তাঁকে ছেড়েও দিলেন। ছাড়া পেয়েই তিনি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। সেই সঙ্গে এটাও জানালেন, তারেক রহমান খুবই দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। ঠিক এই জায়গাটিতেই একটা ভুল হয়ে গেল, উনি যেন বুঝিয়ে দিলেন—উনি আসলে কী উদ্দেশ্যে কী করছেন।
এসব দেখে আমার মনে একটা প্রশ্ন জন্ম নিয়েছে, এখন যদি কেউ ‘নন-পলাতক’-এর পরিবর্তে আওয়ামী লীগের আগে ‘সক্রিয়’ বা ‘ফিরে আসা’ অথবা এ রকম কোনো শব্দ বা শব্দগুচ্ছ যুক্ত করে রাজনীতি শুরু করেন, সরকার কি তাঁদের প্রতি ওই কামাল হোসেনের মতোই উদার আচরণ করবে? আমি ঠিক জানি না। তবে এতটুকু বুঝি, ডিসেম্বরের আগে, অথবা আগামী এক-দেড় মাসে এ রকম আরও কিছু হাস্যকর চিত্রনাট্যের মঞ্চায়ন হয়তো আমাদের সামনে হবে। মানুষ দেখবে, হাসাহাসি হবে, কিন্তু তাতে উদ্যোক্তাদের মধ্যে কোনো লজ্জা-শরমের জন্ম হবে না।
সেদিন এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে দেখা। তিনি অনেক দিন ধরেই নতুন একটা ব্যবসায়িক উদ্যোগের কথা ভাবছিলেন। জানতে চাইলাম, সেই উদ্যোগের কতটুকু কী অগ্রসর হলো। তিনি জানালেন, এখন একটু ধীরে যাচ্ছেন। বললেন, ডিসেম্বরটা দেখি। তারপর সিদ্ধান্ত নেব।
এ রকম অনেকেই ডিসেম্বরটা দেখার জন্য অপেক্ষা করছেন। সরকার এবং সরকারের লোকজন নানাভাবে বারবার বলার চেষ্টা করছেন—কিছুই হবে না ডিসেম্বরে, শেখ হাসিনা ফিরবেন না, ফিরতে পারবেন না। কিন্তু সরকারের এসব কথা সাধারণ মানুষের মধ্যে কোনো স্বস্তি দিচ্ছে না। শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি না, তিনি ফিরলে দেশের ভালো হবে নাকি মন্দ হবে, তা নিয়ে মানুষ যতটুকু ভাবছে, তার চেয়ে বেশি ভাবছে তারা সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এরই মধ্যে তার কিছু নমুনা দেখা যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য জাতীয় সংসদে নানা পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন—আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে! কিন্তু মানুষ তাঁর কথার ওপর বিশ্বাস রাখছে বলে মনে হয় না। চাঁদাবাজি, সন্ত্রাস, গুলি, ভাঙচুর, অগ্নিসংযোগ প্রতিদিনই হচ্ছে। আর যেখানেই যা কিছু ঘটছে, সরকার কিংবা জামায়াত-এনসিপি মুখস্থের মতো দায় চাপাচ্ছে ‘পতিত ও পলাতক ফ্যাসিস্ট’-এর ওপর। পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন, তারও দায় গিয়ে পড়ছে আওয়ামী লীগের ওপর। এভাবে সবকিছুর দায় যদি কার্যক্রম নিষিদ্ধ একটা রাজনৈতিক দলের ওপর দেওয়া হয়, তাতে যে সেই দলটির ব্যাপ্তি ও গুরুত্ব বেড়ে যায়, দলটিকে গলা টিপে ধরে রাখার যৌক্তিকতা কমে যায়, সেটা কি সরকারের কর্তাব্যক্তিরা উপলব্ধি করেন?
আওয়ামী লীগ একটা বড় দল। দেশের এমন কোনো উপজেলা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ডও পাওয়া যাবে না, যেখানে এই দলের নেতা-কর্মী নেই। এমন একটা সর্বব্যাপী দলকে দিনের পর দিন গায়ের জোরে কথা বলতে না দেওয়া, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা, কতটুকু সুবিবেচনাপ্রসূত, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু বাস্তবে সেটাই হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখছি কেবল আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জায়গায় মানুষকে হেনস্তা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে তাঁর সন্তানের সামনে থেকে শার্টের কলার ধরে টেনে নিয়ে থানায় সোপর্দ করা হলো। থানায় তাঁর বিরুদ্ধে তখন পর্যন্ত কোনো মামলা ছিল না। পরে হয়তো কোনো একটা মামলায় তাঁকে জড়িত করা হবে। এই যে মব, তার নায়ক কে? যুবদলের একটা নেতা। এমন কাজ তিনি প্রায়ই, মোটামুটি রুটিন করেই করে থাকেন। এবারের এই আইনজীবীর অপরাধটা কী? অতীত অপরাধ হচ্ছে ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ করতেন, এবং বর্তমান অপরাধ তিনি নাকি আদালতে আওয়ামীপন্থী ব্যক্তিদের জামিন শুনানিতে বেশ সাফল্যের সঙ্গে অংশ নিয়ে থাকেন! আইনজীবী হিসেবে তিনি তাঁর মক্কেলের পক্ষে আইনি পয়েন্টগুলো তুলে ধরবেন, এটা অপরাধ হয় কী করে? উনি নিজে তো আর জামিন দেন না, জামিন দেন আদালত, বিচারক। উনি কেবল আইনি ভিত্তিগুলো যুক্তিসহকারে উপস্থাপন করেন। এটা অপরাধ হয় কী করে?
আমি কেবল একটা ঘটনার কথা উল্লেখ করলাম। এমন ঘটনা সারা দেশেই চলছে। অন্তর্বর্তী সরকারের আমলে শুরু হয়েছিল, অনেকে ভেবেছিল বিএনপি ক্ষমতায় আসার পর বুঝি কমবে। কিন্তু কমেনি। এই যে হেনস্তা, এটা আওয়ামী লীগের মতো একটা বড় দল মুখ বুজে দিনের পর দিন সহ্য করে যাবে—এমনটি সব সময় না-ও ঘটতে পারে। এর মধ্যে আবার দলের সভাপতি যখন ঘোষণা দেন, মৃত্যুদণ্ডকে মাথায় নিয়েই তিনি দেশে ফিরতে চান, তখন সেটা নেতা-কর্মীদের মধ্যে ভিন্ন একটা প্রতিক্রিয়ার জন্ম দেয়।
আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধের পক্ষে নই। আমার মতে, রাজনৈতিক মতাদর্শকে নিষিদ্ধ করা যায় না। কে কোন মতকে সমর্থন করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা সরকার ঠিক করে দিতে পারে না। জনগণ যদি গ্রহণ না করে, প্রত্যাখ্যান করে, তাহলে সেই দল বা মতবাদ এমনিতেই হারিয়ে যাবে। আর বিপরীত দিকে সরকার যখন নির্বাহী আদেশে দলকে দমন করতে চায়, তার ফল প্রায়ই উল্টো হয়ে যায়। আওয়ামী লীগ তার শাসনামলে জামায়াত ও বিএনপিকে দমনের কম চেষ্টা করেনি। কাজ হয়নি। এবারও হবে বলে আমার মনে হয় না।










