Ajker Patrika

রাজনৈতিক সহনশীলতা

সম্পাদকীয়
রাজনৈতিক সহনশীলতা

রাজনৈতিক সহনশীলতার গ্রাফটি এতটাই নিম্নগামী হয়ে উঠেছে যে আদতে ভবিষ্যতে পারস্পরিক প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অন্যকে শুধু ঘৃণার চোখেই দেখবে কি না, সে রকম প্রশ্নওজেগে উঠছে মনে। রাজনৈতিক আদর্শ একেক দলের একেক রকম। নিজ দলের আদর্শের প্রতি বিশ্বাস রেখেই রাজনৈতিক নেতা-কর্মীরা রাজনীতি করে থাকেন।

কিন্তু জনগণকে সেই আদর্শের দিকে টেনে আনতে হয় কাজের মাধ্যমে। নিজ আদর্শ এবং তা বাস্তবায়নের কোন পথ অবলম্বন করা হচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য দলের আদর্শের চেয়ে নিজ দলের আদর্শ কেন উন্নততর, তার প্রমাণ হয় কাজে। এ জন্য যেতে হয় জনগণের কাছে। জনগণই বিভিন্ন দলের আদর্শ বিবেচনা করে, তাদের কাজ দেখে কার হাতে দেশের ভার দেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়। আরও জরুরি কথা হলো, যুক্তি-তর্ক-আলোচনা করেই প্রতিদ্বন্দ্বী দলগুলোর মোকাবিলা করতে হয়। বলপ্রয়োগে তা করা হলে দেশ আর এগিয়ে যেতে পারে না। আর সেই সঙ্গে যা অনিবার্যভাবে থাকতে হয়, তা হলো সহনশীলতা।

আমাদের দেশের রাজনীতিতে পারস্পরিক সহনশীলতার অভাব বহুদিনের ‘চর্চিত ঐতিহ্য’ হয়ে উঠেছে। কিন্তু বছর বছর একে অন্যের প্রতি ঘৃণা, বিদ্বেষ, হামলা, শারীরিক লাঞ্ছনার ঘটনা বেড়েই চলেছে। মানুষ হিসেবে মানুষকে সম্মান করার যে ঐতিহ্য ছিল, সেটা আর বজায় থাকছে না। একেবারে ‘আমরা’ আর ‘তোমরা’ নামে বিভাজিত হয়ে গেছে সমাজ। আদর্শিক জায়গা থেকে বিভাজন থাকতেই পারে। সেই বিভাজন থাকে বলেই বহুমাত্রিক সমাজ গড়ে উঠতে পারে। কিন্তু সেই বিভাজন মোকাবিলা করার জন্য অন্য ভাষ্যকে দলন করতে হবে, অন্য ভাষ্য যেন সমাজে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর গলা টিপে ধরতে হবে—এ রকম অমানবিকতা মানব সমাজের সঙ্গে সংগতিপূর্ণ নয়। কিন্তু বছরের পর বছর ধরে সে রকম এক ভয়াবহতার মধ্য দিয়েই আমরা চলেছি। সামাজিক জীবনযাপনের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এর পরিণাম ভয়াবহ হতে বাধ্য।

এমন এক বাস্তবতার সামনে আমরা এখন দাঁড়িয়ে, যখন খোলামনে কিছু বললেও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা থাকে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর মবকে একরকম রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সিন্দাবাদের ভূতে পরিণত করা হয়েছে। নানা রূপে মবতন্ত্র সেই যে ঘাড়ে চড়ে বসেছে, আর নামতে চাইছে না। ফলে আইনশৃঙ্খলা রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে। অতীত থেকে চলে আসা অন্যকে শায়েস্তা করার নানা কৌশলের সঙ্গে যখন মব কালচার যোগ হয়েছে, তখন ভাষাতাত্ত্বিক একটা পরিবর্তনও লক্ষণীয় হয়ে উঠেছে। গালাগালে আমোদ পাচ্ছে রাজনীতি। স্থূল কথামালা রাজনৈতিক সংস্কৃতিকে আচ্ছন্ন করতে চাইছে। ফলে আলোচনার টেবিলের চেয়ে বলপ্রয়োগের রাজনীতি বলীয়ান হয়ে উঠছে।

রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা যদি এখনো এই কঠিন বাস্তবতা উপলব্ধি না করে থাকেন, তাহলে দেশ আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। সহনশীলতা না থাকলে প্রতিটি রাজনৈতিক পরিবর্তন বিভীষিকার জন্ম দেবে, এ কথা যেন স্মরণে থাকে রাজনীতিকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত