আমাদের দেশে গরমকালে বিদ্যুতের চাহিদা বাড়ে, এটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু প্রতিবছর গরম এলেই যদি মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হয়, তাহলে প্রশ্ন হলো, সমস্যাটি কি শুধু বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি?
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। কোথাও দিন-রাত মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা, আবার কোথাও ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন গ্রাহকেরা। বিদ্যুৎ-সংকটের এই চিত্র শুধু অন্ধকার থাকার গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প-কলকারখানার উৎপাদনের সম্পর্ক। ফলে গ্রামাঞ্চলে কৃষক ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন, হাসপাতাল ও ক্লিনিকের সেবা ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে।
লোডশেডিংয়ের ক্ষতি সব সময় হিসাব করা যায় না। যশোরের অভয়নগরে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমের কারণে একটি পোলট্রি খামারে চার শতাধিক মুরগি মারা গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ-সংকটের কারণে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় জেলেদের মাছ সংরক্ষণেও সমস্যা হচ্ছে। আবার এই বিদ্যুতের সংকটে দেশের অনেকগুলো মিল, কারখানায় পণ্য উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
তাহলে এই সংকটের কারণ কী? বিদ্যুৎ খাতসংশ্লিষ্টদের মতে, গ্যাস সরবরাহ কমে যাওয়া সংকটের অন্যতম কারণ। বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এর সঙ্গে ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি এবং ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়টিও যুক্ত হয়েছে। এসব কারণ বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, একটি দেশের বিদ্যুৎব্যবস্থা কি এমন হওয়া উচিত, যেখানে গ্যাস সরবরাহ কমলেই কয়েক হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হবে? এখানে সমস্যাটিকে শুধু ‘লোডশেডিং’ হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন, অবকাঠামো ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে জড়িত একটি বিষয়।
বিদ্যুৎ খাতে শুধু ‘কত মেগাওয়াট উৎপাদন করা যায়’, এই প্রশ্ন যথেষ্ট নয়। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ‘কতটা নির্ভরযোগ্যভাবে সেই বিদ্যুৎ সরবরাহ করা যায়?’
তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য অবশ্যই আরও গভীরে যাওয়া জরুরি। গ্যাস সরবরাহ নিশ্চিত করা, বিকল বিদ্যুৎকেন্দ্র দ্রুত মেরামত করা, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থার মধ্যে সমন্বয় বাড়ানো দরকার। একই সঙ্গে ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে এমন পরিকল্পনা করতে হবে, যাতে প্রতিবছর গরম এলেই বিদ্যুৎ-সংকট নতুন করে জাতীয় দুর্ভোগে পরিণত না হয়।
কারণ, বিদ্যুৎ এখন আর শুধু আলো, ফ্যান বা টেলিভিশন চালানোর বিষয় নয়। একজন শিক্ষার্থীর পড়াশোনা, একজন রোগীর চিকিৎসা, একজন কৃষকের সেচ, একজন জেলের মাছ সংরক্ষণ, একজন ব্যবসায়ীর উৎপাদন—সবকিছুর সঙ্গেই বিদ্যুৎ জরুরি পণ্য। তাই প্রশ্নটা শুধু ‘বিদ্যুৎ কখন আসবে?’—এখানে থামিয়ে রাখলে চলবে না। বরং প্রশ্ন হওয়া উচিত, প্রতিবছর গরম এলেই কেন আমাদের আবার একই সংকটের মুখোমুখি হতে হয়?
ফারহানা মীম, শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে দেওয়ার ন্যক্কারজনক একটি ঘটনা ঘটেছে। এই কাণ্ড কেন ঘটছে এবং কাদের প্রশ্রয়ে ঘটছে, তা উদ্ঘাটন করে প্রকৃত কুশীলবদের আইনের আওতায় এনে বিচার করে শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনা...
১ ঘণ্টা আগে
খুলনার সোনাডাঙ্গার ভাড়া বাসায় ২০২১ সালের ডিসেম্বরে এক তরুণীর স্বপ্ন থমকে গিয়েছিল। মিম আক্তার নামের সেই তরুণী প্রায় ১২০০ প্রার্থীর মধ্যে মেধাক্রমে প্রথম হয়েছিলেন খুলনা জেলা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায়। অনেক উত্তীর্ণকে ফোন করে জানানো হলো; কিন্তু ফোন এল না কেবল মিমের কাছে।
১ দিন আগে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের ভিড় নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে আজকের পত্রিকায়। সাদামাটা কথায় বলতে হয়, এই ভিড়ের জন্য যাত্রীরা নন; বরং দায়ী হলো যাত্রীকে বিদায় দিতে আসা মানুষ। একজন মানুষকে স্বাগত জানাতে কিংবা বিদায় দিতে যখন পুরো পরিবারের মানুষ চলে আসেন বিমানবন্দরে, তখন সেই ভিড় সামলাতে...
১ দিন আগে
আদিমকাল থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়ে খুঁজেছে কোনো দূরবর্তী নক্ষত্র থেকে ভেসে আসা বুদ্ধিবৃত্তিক জীবনের সংকেত। আমরা সন্ধান করেছি এলিয়েন বুদ্ধিমত্তার, দূরতম গ্যালাক্সিতে কান পেতে শুনেছি ভিনগ্রহের কোনো বার্তা পাওয়া যায় কি না। কিন্তু প্রকৃতির কী অদ্ভুত রসিকতা বা আমাদের বোঝার নির্বুদ্ধিতা...
১ দিন আগে