গোদাগাড়ী প্রেসক্লাব বন্ধ থাকার ঘটনাটি আদৌ স্বাভাবিক নয়। একজন জুলাই যোদ্ধার নেতৃত্বে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, যিনি কিছুদিন আগেও এই প্রেসক্লাবের সভাপতি ছিলেন, তিনি আওয়ামী লীগের দোসর। সম্প্রতি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হলেও জুলাই যোদ্ধা পরিচয়দানকারী নেতা-কর্মীরা মোটেই খুশি হননি। অভিযোগ রয়েছে, তাঁরা প্রেসক্লাব দখলের চেষ্টা চালাচ্ছিলেন। অভিযোগটি সত্য হলে তা আইনের শাসনের পথে একটি বড় অন্তরায় বলে মেনে নিতে হবে। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদৌ কী করবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। কোনো একটি সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবে এভাবে তালা ঝোলানো কোনো আইনি পদক্ষেপ হতে পারে না। কিন্তু সেটাই ঘটেছে। এরপর তালা ভেঙে সাংবাদিকেরা প্রেসক্লাবে ঢুকলে ইউএনওর কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিবসহ কয়েকজন গিয়ে কথা বললে প্রেসক্লাব খোলা না-খোলার ব্যাপারটি ঝুলে যায়। ইউএনও সাংবাদিকদের বলে দিয়েছেন, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংবাদিকেরা যেন প্রেসক্লাব না খোলেন।
জুলাই যোদ্ধা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে ইউনূস সরকারের আমলে বহু জায়গায় মবতন্ত্র কায়েম করা হয়েছিল। সব এলাকায় চালানো মবতন্ত্রের সব খবর পত্রপত্রিকাতেও আসেনি। কিন্তু জনমনে একটা ধারণার জন্ম হয়েছে যে দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই অভ্যুত্থানের নাম করে অনেকেই ফায়দা লুটেছে। এই মতলববাজদের চিহ্নিত করা জরুরি। সঙ্গে এই প্রশ্নটিও তোলা দরকার, আর কতকাল ‘আওয়ামী দোসর’ নাম দিয়ে হেনস্তার ঘটনা ঘটতে থাকবে? সদ্য নির্বাচিত বিএনপি সরকারকে এই মবতন্ত্রের ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। গণতান্ত্রিক দেশে এই প্রবণতার সুদূরপ্রসারী মন্দ প্রভাব রয়েছে, সে কথা অনুধাবন না করলে তা জাতির জন্য অকল্যাণকর হবে।
সাংবাদিকদের কাজ কী হবে, কারা হবেন তাঁদের নীতিনির্ধারক, কী বিষয়ে তাঁরা কাজ করবেন, সেগুলো নিয়ন্ত্রণ করবে সংশ্লিষ্ট সংবাদ প্রতিষ্ঠান। ছাপা কাগজ হোক, অনলাইন পত্রিকা হোক কিংবা হোক তা ইলেকট্রনিক মিডিয়া—তাদের কাজ কী হবে, সেটা তারাই নির্ধারণ করবে। পৃথিবীর বহু দেশেই বিভিন্ন সংবাদমাধ্যম নির্বাচনের সময় নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয়। কিন্তু সেই পক্ষপাত হতে হয় বস্তুনিষ্ঠ। নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক ইশতেহারে বর্ণিত অঙ্গীকারগুলোর যথার্থতা নিয়েও থাকতে পারে বিচার-বিশ্লেষণ। আবার কোথাও কোথাও নিরপেক্ষ সাংবাদিকতাকেই মানদণ্ড হিসেবে গ্রহণ করা হয়। অর্থাৎ নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন দেয় না মিডিয়া। আক্ষেপের বিষয়, নিরপেক্ষতা সব সময় মেনে চলা হয় না, বরং নিরপেক্ষতার নাম করে অনেক অঘটনও ঘটানো হয়ে থাকে। রাজনৈতিক দলের লেজুড়বৃত্তির সাংবাদিকতার ইতিহাসও বহুদূরের অতীত থেকে চলে আসছে। সেটা ভিন্ন প্রসঙ্গ।
গোদাগাড়ীর ঘটনা নিয়ে বলতে চাই, যারাই কারও দোসর ট্যাগ দেওয়ার চেষ্টা করুক না কেন, তাদের উদ্দেশ্য ভালো হতে পারে না। আইনই সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাপারে ব্যবস্থা নেবে। প্রেসক্লাব বন্ধ রাখার এই প্রবণতা মোটেই কল্যাণকর নয়।

একাত্তরের পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশের দোসরদের দ্বারা পরিচালিত গণহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি বিস্মৃত ও বেদনাদায়ক অধ্যায়। সেই ইতিহাসকে ক্রমেই মুছে ফেলার একটা সচেতন চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। যদিও এই গণহত্যাকে আন্তর্জাতিক পরিসরে যথাযথ স্বীকৃতি দেওয়ার প্রশ্নটি দীর্ঘদিন ধরেই আলোচনার...
১৩ ঘণ্টা আগে
বেশ কয়েক মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সবার অগোচরে চলে গেছে বলে মনে হয়। বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে এর লাঠিয়াল ইসরায়েল অতর্কিতে হামলা করেছে ইরানের ওপর। বিশ্বের ৮০০ কোটি মানুষ হতবিহ্বল হয়ে পড়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর অনেক এলাকার বাসায়ই দেখা যায়, প্রধান ফটকে এখনো সাইনবোর্ড টানানো—রাত ১১টা বা ১২টার পর গেট বন্ধ। অর্থাৎ রাত ১১টা বা ১২টার পর বাসায় ঢোকা যাবে না। ঢুকতে হলে মালিকের বিশেষ অনুমতি লাগবে, নতুবা কেয়ারটেকারকে (তত্ত্বাবধায়ক) কোনোভাবে ‘ম্যানেজ’ করতে হবে। ক্ষেত্রবিশেষে সেই ‘ম্যানেজ’ উৎকোচে গিয়ে ঠেকে।
১ দিন আগে
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার শিক্ষার্থী তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটান। এই সময়েই তাঁরা স্বপ্ন দেখেন, নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন। কিন্তু আমরা কি সচেতন যে সেই শিক্ষার্থীরা আজ নীরব এক বিপদের মুখোমুখি? হলের খাবার এবং খাদ্যাভ্যাসের ভয়াবহ অবস্থা ধীরে...
২ দিন আগে