Ajker Patrika

ঢাকার যানজট: এবার এক টেবিলে ২৪ সংস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৮: ২৯
ঢাকার যানজট: এবার এক টেবিলে ২৪ সংস্থা
ফাইল ছবি

ঢাকার যানজট কমাতে দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কিন্তু সড়ক, গণপরিবহন, ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার সঙ্গে জড়িত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি নিয়ে রয়েছে নানা অভিযোগ। এবার সেই সমন্বয়হীনতা কাটাতে ২৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। রাজধানীর যানজটের কারণ চিহ্নিত করে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন সংস্থার কার্যক্রমে সমন্বয় করাই হবে এই কমিটির প্রধান কাজ।

আজ সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বৃহত্তর ঢাকার যানজট নিরসন ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে’ এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি করা হয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীকে। সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালককে।

কমিটিতে সরকারের ২৪টি প্রতিষ্ঠানের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের পাশাপাশি ঢাকার চার সিটি করপোরেশন, পুলিশ, পরিবহন সংস্থা, নগর পরিকল্পনাবিদ এবং অবকাঠামো-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রাখা হয়েছে। ফলে, সড়ক থেকে রেল, নৌপথ থেকে গণপরিবহন এবং নগর পরিকল্পনা থেকে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজটের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই এই কমিটির আওতায় এসেছে।

কমিটির সদস্য

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার।

এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিআরটিএ, বিআরটিসি, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিসি, ঢাকা ওয়াসা, সড়ক ও জনপথ অধিদপ্তর, রাজউক, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বিআইডব্লিউটিএ, ডিএমটিসিএল, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট পিএলসি, তিতাস গ্যাস এবং ডিটিসিএর প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন।

যানজটের কারণ খুঁজবে কমিটি

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিতে নয়টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথমে রয়েছে পরিবহন খাতের চলমান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা।

এরপর যানজটের মূল কারণ চিহ্নিত ও বিশ্লেষণ করে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। বিভিন্ন পরিবহন সংস্থার মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সুপারিশ করবে কমিটি।

আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন বিষয়ে প্রচারণা জোরদারের বিষয়ও রয়েছে কার্যপরিধিতে।

পাশাপাশি পরিবহন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া এবং গৃহীত উদ্যোগগুলোর কার্যকারিতা মূল্যায়ন ও নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।

প্রতি মাসে বৈঠক

শুধু কমিটি গঠন করেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হবে না। প্রজ্ঞাপনে প্রতি মাসে নিয়মিত সভার বাধ্যবাধকতা রাখা হয়েছে। প্রতি মাসের প্রথম রোববার সকাল সাড়ে ৯টায় কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সরকারি ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে সভা হবে।

রাজধানীর যানজটের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত এতগুলো সংস্থাকে একই কমিটির আওতায় এনে নিয়মিত সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগকে সমন্বিত পরিবহন ব্যবস্থাপনার দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে কমিটির সিদ্ধান্তগুলো বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে, সেটিই এখন বড় বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত