ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বরের পর ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
তবে সৌদি আরবের অন্য তিনটি রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে। এসব রুটের ফ্লাইট চলাচলে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিমান জানিয়েছে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ভ্রমণ করে সৌদি আরব যেতে পারবেন। টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।









