
চলতি বছরের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (স্কুল ফিডিং) কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পুষ্টিহীনতায় না ভোগে এবং মনোযোগের সঙ্গে লেখাপড়া করতে পারে—সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ (মিড ডে মিল) বাস্তবায়ন করছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল কর্মসূচির সম্প্রসারণ করা হচ্ছে। এ বছরের মধ্যেই দেশের সব স্কুলে এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের বিকাশ ও সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।’
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, খেলাধুলাকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যাতে এটি শুধু বিনোদনের মাধ্যম না থেকে ভবিষ্যতে পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।

‘আপনারা প্রশ্ন করতে পারেন, তবে আমি এখন পলিটিক্যাল প্রশ্নের উত্তর দেব না।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে সমঝোতা, গণতন্ত্র ও সহনশীলতার রাজনীতির আহ্বান জানান তিনি...
১১ মিনিট আগে
নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশিদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত।
১ ঘণ্টা আগে
আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। এ সময়ে প্রতিদিন গড়ে সড়কে প্রাণ হারিয়েছেন ১৫ জনেরও বেশি। গত জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৩ জন।
১ ঘণ্টা আগে
দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে ‘রেমিট্যান্স শাটডাউন’ ঘোষণা করতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।
২ ঘণ্টা আগে