Ajker Patrika

এখন কি আমরা বলব—সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ জুন ২০২৬, ১৯: ৫১
এখন কি আমরা বলব—সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ
আতিকুর রহমান মোজাহিদ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, ‘নিন্দুকেরা বলে—একসময় বলা হতো, সবার আগে গোপালগঞ্জ। এখন কি আমরা বলব, সবার আগে বগুড়া? আমরা এই বাংলাদেশ চাই না। সবার আগে বাংলাদেশ হলে, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরনের বাজেট থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। উল্লেখ্য, বিএনপির অন্যতম স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’।

আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘ইদানীং নিন্দুকেরা বলে, নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে—এটাকে নবাবি উপজেলা বলা হচ্ছে। আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি। যেখানে অন্যান্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায়, কী এক ক্যারিশমেটিক মিরাকল, সেখানে ৭৬ কোটি টাকা চলে যায়।’

প্রতিরক্ষা খাতের বাজেটের বিষয়ে আতিকুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যদি প্রতিরক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ ও অস্ত্র থাকত, আধুনিক অস্ত্র থাকলে আমাদের লোক দিয়ে, একক কর্তৃত্বে স্বাধীনতা অর্জন করতে পারতাম। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে যুদ্ধের সময় ভারতের পক্ষ থেকে একটা ভাঙা ওয়ারলেস দেওয়া হয়েছিল। রাগ করে ফেলে দিয়ে ভারতীয় কমান্ডোকে তিনি বলেছিলেন—‘অস্ত্র যখন দিবা, সরঞ্জামাদি যখন দিবা, তখন এমন জিনিস দাও, যেটা ফাংশন করে, ডিসফাংশানাল দিয়ো না, এটা আমাদের বাধাগ্রস্ত করে।’’’

প্রতিরক্ষা খাতে ৪২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের কথা তুলে ধরে মোজাহিদ বলেন, ‘যার মধ্যে ৩৫ হাজার কোটি টাকাই পরিচালনা ব্যয়। বাকি সাত হাজার কোটি টাকা দিয়ে আমাদের কী প্রতিরক্ষা হবে?’

বিভিন্ন সীমান্ত দখলের হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে এনসিপির এই এমপি বলেন, ‘এ বাজেটে প্রতিরক্ষা খাতে তেমন বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের মিয়ানমার সীমান্তে যুদ্ধ চলমান আছে। পার্বত্য তিনটি জেলায় তিনটা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে, কুকি চিনের বিরুদ্ধে আর্মির দুইটা ডিভিশন কাজ করছে।’

আকাশ ও নৌ প্রতিরক্ষায় আধুনিক সরঞ্জামের প্রয়োজন উল্লেখ করেন মোজাহিদ। তিনি বলেন, ‘ভারত জিডিপির ২ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেয়, মিয়ানমার জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেয়। পৃথিবীর সব দেশে গড়ে ২ দশমিক ২ শতাংশ বাজেট বরাদ্দ দেয়। কিন্তু আমাদের সেটা নাই। এই আজাদি ভূমিকে রক্ষার জন্য যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতিরক্ষা খাতে যেন বেশি বরাদ্দ দেওয়া হয়। কারণ, প্রতিনিয়ত আমাদের সীমান্ত হুমকির মুখে আছে। আমাদের সবার দেশ রক্ষা করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত