
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ- সীমায় একের পর এক বজ্রপাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশি-বিদেশি উড়োজাহাজ। গত ১৫ দিনেই অন্তত তিনটি উড়োজাহাজ বজ্রপাতের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে উড্ডয়নের অনুপযোগী হয়ে পড়ে। মনে করা হচ্ছে, যন্ত্রাংশ কেনা ও মেরামতের ব্যয় এবং ফ্লাইট সূচি ব্যাহত হওয়ায় সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর লোকসান কয়েক লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্প্রতি বজ্রপাতের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত বিমান তিনটি ছিল অত্যাধুনিক এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী। সর্বশেষ ঘটনায় গত রোববার বজ্রপাতের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় মিসরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ারের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। এর আগে আলাদা ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার অবতরণের সময় বজ্রপাতের শিকার হয়। একটি উড়োজাহাজের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামতের পর ৬ জুন সেটিকে আবার চলাচলের উপযোগী করা হয়। বিমানের অন্য উড়োজাহাজটি প্রায় ১৫ দিন ধরে মেরামতের পর সচল করা সম্ভব হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু ওই একটি বিমানের মেরামতেই প্রায় ৩ লাখ ডলার ব্যয় হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরপর দুটি বড় উড়োজাহাজ এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অচল থাকায় আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে বিঘ্ন তৈরি হচ্ছে। ফ্লাইট বিলম্ব, রুট পুনর্বিন্যাস এবং বিকল্প উড়োজাহাজ ব্যবহারের কারণে পরিচালনগত ব্যয়ও বেড়ে গেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর নূর-ই-আলম এ বিষয়ে আজকের পত্রিকার প্রশ্নের জবাবে বলেন, বিমানবন্দরের চারপাশে বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থা রয়েছে। রানওয়ে বা পার্কিং বে-তে থাকা অবস্থায় বিমান বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা খুবই কম। সাম্প্রতিক ঘটনাগুলো ঘটেছে ল্যান্ডিংয়ের আগে।
ঝড়ের সময় ও বর্ষা মৌসুমে বড় মেঘখণ্ডের পারস্পরিক ঘর্ষণে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। বিমান এই চার্জযুক্ত মেঘের ভেতর দিয়ে চললে তার কাঠামো বিদ্যুৎ পরিবাহকের মতো আচরণ করে এবং বজ্রপাতের শিকার হতে পারে।
বিশেষজ্ঞরা জানান, আগেকার উড়োজাহাজের বাইরের কাঠামো মূলত অ্যালুমিনিয়ামে তৈরি হতো বলে বজ্রপাতের বিদ্যুৎ পুরো শরীরে দ্রুত ছড়িয়ে পড়ত। কিন্তু বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মতো আধুনিক বিমানের প্রায় অর্ধেক অংশই তৈরি কম্পোজিট উপাদান বা কার্বন ফাইবারে। এগুলো অ্যালুমিনিয়ামের মতো দক্ষভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ফলে বজ্রপাতের তীব্র তাপে কম্পোজিট স্তরে ক্ষতি সৃষ্টি হয় এবং বডিতে কালো দাগ, ছোট-বড় গর্ত কিংবা অভ্যন্তরীণ স্তর বিচ্ছিন্ন হওয়ার মতো জটিল সমস্যা দেখা দেয়।
প্রকৌশলীরা জানিয়েছেন, ইজিপ্ট এয়ারের ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটির কাঠামোতে বজ্রপাতের চার্জের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। তীব্র বিদ্যুৎ প্রবাহের কারণে বিমানটির কাঠামোর বিভিন্ন স্থানে কালো দাগ এবং গর্তের সৃষ্টি হয়েছে।
বিমানের প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোর উড্ডয়ন বন্ধ ঘোষণা (গ্রাউন্ডেড) করেছেন। তাঁদের মতে, বাইরে থেকে ক্ষতি সামান্য মনে হলেও বজ্রপাতের প্রভাবে উড়োজাহাজের অভ্যন্তরীণ ওয়্যারিং, এভিওনিকস বা উড্ডয়নসংক্রান্ত ইলেকট্রনিকস, ইলেকট্রনিক বোর্ড কিংবা জ্বালানি ব্যবস্থায় গুরুতর ক্ষতি হয়ে থাকতে পারে। এমনকি কাঠামোর একটি ক্ষুদ্র ফাটলও উচ্চ আকাশে বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।
বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এয়ার কমোডর মঞ্জুর-ই-আলম বলেন, উড়োজাহাজে বজ্রপাত প্রতিরোধে নিজস্ব ব্যবস্থা থাকে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পাইলটদের বিশেষ নির্দেশনাও দেওয়া থাকে। তবে আকাশে বজ্রপাতের মুখে পড়লে তা সম্পূর্ণভাবে এড়ানো সব সময় সম্ভব হয় না।
বিশেষজ্ঞদের মতে, বিমানের কাঠামোর ক্ষতি নির্ণয়ে আধুনিক ‘নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং’ বা আলট্রাসনিক পরীক্ষার প্রয়োজন হয়। ক্ষতির মাত্রা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ীই মেরামত করতে হয়, যা বেশ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

লোকোমোটিভের (ইঞ্জিন) সংকট আর ত্রুটির কারণে ঈদের ফিরতি যাত্রায় ভুগেছেন ট্রেনের যাত্রীরা। এসব কারণে ১ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগেই অন্তত ৩০টি ট্রেন দেরিতে ছেড়েছে। কিছু ট্রেনের দেরি হয়েছে এক থেকে চার ঘণ্টা। সংকেত ত্রুটিতে বিলম্ব হয় ১৩ ট্রেনের।
১ ঘণ্টা আগে
বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এখন বলা হচ্ছে–আপনারা ব্যাংকের মালিক না। জামায়াতে ইসলাম ব্যাংকের মালিক না। আবার বলছে, ইসলামের ওপর হাত দেবেন না। ইসলামী ব্যাংক–ইসলাম নয়। আমাদের জনাব ফখরুল ইসলাম–ইসলাম নয়, জামায়াতে ইসলামী...
৩ ঘণ্টা আগে
জোর-জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলো ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতিবিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া হোক। অতীতে বিশেষ একটি গোষ্ঠী চাপ সৃষ্টি করে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল...
৪ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংককে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অভিযোগ করেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম সরকার বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। কিন্তু এখন উল্টো ব্যাংকের ভেতরে বিতর্কিত ব্যক্তিদের বসানো হচ্ছে।’
৪ ঘণ্টা আগে