Ajker Patrika

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৭ ফেব্রুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৭ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে হবে মন্ত্রিসভার শপথ। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

সরকারি একটি সূত্র বলেছে, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের শপথ কক্ষে। আর মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সূত্রটি বলছে, জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি সকালে এমপিদের শপথ ও বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের এবং রাষ্ট্রপতি মন্ত্রীদের শপথ পড়াবেন। তার আগে বিকেলে সরকারি সূত্র জানিয়েছিল, সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সরকারি একটি সূত্র বলেছে, সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) তারিখে জারি করা হয়, যা প্রকাশ হয় ১৪ ফেব্রুয়ারি। গেজেট প্রকাশের তিন দিন পরে সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন। ১৬ ফেব্রুয়ারি শপথ পড়ালে জটিলতা তৈরি হতে পারে, এমন আশঙ্কায় ১৭ ফেব্রুয়ারি শপথ হবে।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে বেসরকারিভাবে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে ৩টি আসন।

অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। অর্থাৎ জামায়াতে ইসলামী ও তার মিত্ররা পেয়েছে ৭৭ আসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত