
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ওপার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। এই ঘটনার প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রদূতকে তলব করে এটি স্পষ্টভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে বিনা উসকানিতে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যকার সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষেত্রে বড় অন্তরায়। বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের আন্তসীমান্ত গোলাগুলি বন্ধে মিয়ানমার সরকারকেই সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
গত রোববার সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে ৯ বছরের শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংঘাত যা-ই থাকুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের ভূখণ্ড বা এ দেশের মানুষের জীবন-জীবিকার ওপর না পড়ে।
উল্লেখ্য, গত সোমবার সকালেও টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে। এই ঘটনা সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
তলবের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন, তাঁর সরকার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
১ ঘণ্টা আগে
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে।
২ ঘণ্টা আগে