ফুটবল বিশ্বকাপ ২০২৬

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার স্বত্ব পাইয়ে দিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের কাছে ২০০ কোটি টাকা দর হাঁকিয়েছিল একটি পুরোনো চক্র। তবে বিএনপি সরকার ‘কুচক্রী মহলের সেই ফাঁদে’ পা না দিয়ে দর-কষাকষির মাধ্যমে মাত্র ৪৭ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তবে সেই ‘কুচক্রের’ পরিচয় নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, ‘...যদি নাম বলি, তাদেরকে জনসম্মুখে আনলে অনেক বড় একটা “ইয়ে” হয়ে যাবে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। ইতিমধ্যে সম্প্রচার স্বত্ব বিক্রি করে সরকারের বিনিয়োগ করা সেই টাকা ফেরত এসেছে বলেও জানান ইয়াসের খান চৌধুরী।
বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে এবং সব মিলিয়ে ১০০টির বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সময় প্রায় ১০০ কোটি টাকার বিনিময়ে বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতে বাধ্য হয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির বিষয়টি আজ দেশের মানুষের কাছে বড় একটি প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে এক অদ্ভুত গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় ২০০ কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার ওপর বড় আঘাতের চেষ্টা।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপির দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান। সেই ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে যুক্ত করি। দিনের পর দিন দর-কষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছাই। এটি জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার উদাহরণ।’
সম্প্রচার স্বত্ব কিনে আনতে অনেক ষড়যন্ত্র, বাধাবিপত্তি এসেছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কুচক্রী মহলের প্রতিবন্ধকতা অতিক্রম করে বিটিভি আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের অধিকার অর্জন করেছে। অতীতে প্রায় ১০০ কোটি টাকা লুটপাটের যে গন্ধ আমরা পেয়েছি। এবার ২০০ কোটি টাকার ফাঁদ এড়িয়ে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে চূড়ান্ত চুক্তির মূল্য মাত্র ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে। বাংলাদেশি টাকায় যা মাত্র ৪৭ কোটি টাকার মতো। ইতিমধ্যে টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন ও স্বত্ব বিক্রি করে সব বিনিয়োগ উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করবে।’
এই কুচক্রী মহল কারা, এমন প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা বিভিন্ন মাধ্যমে অ্যাফোর্ট দিয়েছে, তারা তো দৃশ্যমান থাকে না। সিন্ডিকেট যারা করেছিল, তাদের নাম আমাদের কাছে রয়েছে। এখন যদি নাম বলি—তাদেরকে জনসম্মুখে আনলে অনেক বড় একটা ইয়ে হয়ে যাবে।’

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৬ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৭ ঘণ্টা আগে