
জুলাই আন্দোলনের সময় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আন্দোলনের পক্ষে সংহতি প্রকাশ করা প্রবাসী বাংলাদেশিদের অবদান সরকার স্মরণ করে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। তিনি বলেন, আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তা ও পুনর্বাসনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে তাঁর লিখিত জবাব উপস্থাপনকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জুলাই আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে যাঁরা দেশের পক্ষে সংহতি প্রকাশ করেছিলেন, তাঁদের ভূমিকার প্রতি সরকার কৃতজ্ঞ। অন্তর্বর্তী সরকারের সময়ে আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত অধিকাংশ প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে কয়েকজন ক্ষতিগ্রস্ত প্রবাসীকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও যাঁরা ক্ষতির শিকার হয়েছেন, তাঁদের কীভাবে সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।
নুরুল হক বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য সম্ভাব্য সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। সরকার প্রবাসীদের অবদানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রাশিয়ায় কাজের কথা বলে কর্মী পাঠিয়ে তাঁদের যুদ্ধে সম্পৃক্ত করার অভিযোগ পাওয়া গেছে। রাশিয়াতে ৩০ জন কর্মীকে কাজের কথা বলে তাঁদের যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাঁদের পরিবার আমাদের জানিয়েছে।’ এ ঘটনায় জড়িত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইনস্ট্যান্ট তিনটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বন্ধ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’ তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ানো অনেক বাংলাদেশি তৃতীয় কোনো দেশ হয়ে সেখানে গেছেন বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
ময়মনসিংহ-৬ আসনের সদস্য কামরুল হাসান সংসদে বলেন, বিদেশে দুর্ঘটনায় আহত বা নিহত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে অনেক সময় বিলম্ব হয়।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে যাওয়া কর্মীদের মৃত্যুর ক্ষেত্রে লাশ দেশে আনার পুরো ব্যয় সরকার বহন করে। তিনি বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত বা পঙ্গুত্ববরণকারী শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে সংশ্লিষ্ট দেশের আইন ও দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়।
সংরক্ষিত নারী আসনের সদস্য মারদিয়া মমতাজ নারী শ্রমিকদের নিরাপত্তা, যৌন হয়রানি ও চুক্তি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলেন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের সহায়তার জন্য ১৬১৩৫ নম্বরে টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। দেশের বাইরে থেকেও আমাদের যেকোনো প্রবাসী তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।’
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের দুটি সেফ হোম রয়েছে। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে পর্যায়ক্রমে সেফ হোম পরিচালনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘নারী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এখন আগের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রকৃত অর্থে তাঁরা যেখানে যাচ্ছেন, সেখানে আইএলও এবং আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে কি না, সেগুলো নিশ্চিত করার পরেই আমরা পাঠাচ্ছি।’

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন— প্রকল্পের মেয়াদ যৌক্তিক কারণ ছাড়া বাড়ানো যাবে না। যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হবে।
২ ঘণ্টা আগে
আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
৯ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
৯ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১৩ ঘণ্টা আগে