
নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের কোভিড টিকা বঙ্গভ্যাক্স। তবে কাঁচামাল না থাকায় ট্রায়ালে যেতে অন্তত দুই থেকে তিন মাস লেগে যেতে পারে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীর ওপর এই পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে।
আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
এর আগে প্রাণী দেহে সফলভাবে ট্রায়াল চালানোর পর গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) মানবদেহে ট্রায়ালের অনুমোদন দিলেও ঝুলিয়ে রাখে সরকারের আরেক সংস্থা ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। দীর্ঘ আট মাস পর এবার ডিজিডিএরও অনুমোদন পেল গ্লোব বায়োটেক।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বানরের দেহে চালানো বঙ্গভ্যাক্স পরীক্ষার ফলাফল সম্পর্কিত প্রতিবেদন গত বছরের ১ নভেম্বর বিএমআরসিতে জমা দেওয়া হয়। একই সঙ্গে বিএমআরসির তৃতীয় ও সর্বশেষ চিঠির সব প্রশ্নের জবাবও দেওয়া হয়। পরে গত ২৩ নভেম্বর বিএমআরসির ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটির সভায় মানবদেহে ট্রায়ালের অনুমোদন দেয়। এবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের জন্য এক দিন পর ২৫ নভেম্বর আবেদন করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় আট মাস অজানা কারণে সেখানে ঝুলে রাখা হয়। অবশেষে রোববার সেই ছাড়পত্র দিল সরকারি সংস্থাটি।
ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘অনেক আগেই বিএমআরসি থেকে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক ছাড়পত্র পেলেও অজানা কারণে ওষুধ প্রশাসন সেটি ঝুলে রাখে। এতে করে আমাদের প্রয়োজনীয় কাঁচামাল নষ্ট হয়ে যায়। এখন নতুন করে সেগুলো আনতে হবে। এরপর আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করে ট্রায়ালে যাব আমরা। এতে অন্তত দুই-তিন মাস লেগে যেতে পারে। বিএসএমএমইউ হাসপাতালের ৬০ জনের দেহে এটির পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় এবং বানরের পরীক্ষায় বঙ্গভ্যাক্স সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে আমরা খুবই আশাবাদী যে, বঙ্গভ্যাক্স মানবদেহেও অনুরূপভাবে কাজ করবে।’
গ্লোব বায়োটেকের দাবি, করোনা সংক্রমণ প্রতিরোধে বঙ্গভ্যাক্স অতি সংক্রমণশীল ডেল্টাসহ সব ধরন মোকাবিলায় কার্যকর। বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে এই কার্যকারিতার প্রমাণ পেয়েছে তারা।

কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানের পর কমেছে কিশোরদের দলবদ্ধ আড্ডা, মোটরসাইকেল মহড়া ও প্রকাশ্য আধিপত্য প্রদর্শন। কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে এমন ধারাবাহিক অভিযানের কারণে অনেক কিশোর গ্যাং সদস্য আত্মগোপনে চলে গেছে। পুলিশের ভাষ্য, বেশ কিছু গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি...
৭ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সারা দেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।
৮ ঘণ্টা আগে
বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বোয়িংনির্ভর বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
১০ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমদানি-রপ্তানিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা, বিদেশি বাণিজ্য মিশনে ভাষাজ্ঞানসম্পন্ন কর্মকর্তা পদায়ন এবং টিসিবি কার্ড বিতরণে সমন্বিত প্রক্রিয়ার পরামর্শ
১০ ঘণ্টা আগে