Ajker Patrika

আদালতে প্রবেশে বাধা, ‘প্রকাশ্যে’ বিচারিক কার্যক্রম চলছে বলা যাবে কি না— প্রশ্ন বিচারপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতে প্রবেশে বাধা, ‘প্রকাশ্যে’ বিচারিক কার্যক্রম চলছে বলা যাবে কি না— প্রশ্ন বিচারপতির
ছবি: সংগৃহীত

বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালত কক্ষে আইনজীবী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মীদেরও আপিল বিভাগে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। আর আপিল বিভাগের সিদ্ধান্তের কারণে হাইকোর্টে বিভাগের অনেক বেঞ্চেও প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। প্রবেশাধিকার ফিরে পেতে আন্দোলন করছেন আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীরা।

এদিকে আদালতে প্রবেশ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। আজ বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘আদালত কক্ষের দরজা বন্ধ রেখে আইনজীবী ব্যতীত কাউকে ঢুকতে না দিয়ে “প্রকাশ্য আদালতে” বিচারিক কার্যক্রম চলছে বলা যাবে কি?’

জানতে চাইলে সাবেক বিচারপতি আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সংবিধানে প্রকাশ্য বিচার ব্যবস্থার কথা বলা আছে। আমাদের দেশের প্রচলিত ধারণা প্রকাশ্য মানে জনগণের সামনে হবে। সামনে বিচারপ্রার্থী জনগণও থাকবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আদালতের দরজা বন্ধ রাখছে শৃঙ্খলার কারণে। শুধু আইনজীবী ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। এতে একটা অসুবিধা হচ্ছে। বিচারপ্রার্থী মনে করছে, আইনজীবী কী বলল, না বলল সে জানতে পারল না। আইনজীবীর কারণেই হয়তো মামলাটা হেরে গেল। সেজন্য এই দরজা বন্ধ রেখে জনগণকে ঢুকতে না দিলে প্রকাশ্যে বিচারকার্য চলছে এটা বলা যাবে না।

গণমাধ্যমকর্মীদের প্রবেশের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘অবশ্যই গণমাধ্যমকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া যায়। তবে কোর্ট চলাকালীন সময়ে বিচারপতিরা নানান কথাবার্তা বলেন। এগুলো বিচারের বিষয় না। মানুষ হিসেবে আলোচনা করেন। ওগুলো যদি রিপোর্ট হয় তাহলে বিচার ব্যবস্থার জন্য খারাপ হয়ে যায়।’

বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ১৯৮২ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০০ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে তাঁকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। আর অবসরে যান ২০১৮ সালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত