নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও চোখের আইরিশ) তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব জানান, দীর্ঘদিন ধরে যারা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের স্তূপ বাড়লেও দাপ্তরিক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য ছয় মাসের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় কারও আবেদন বাতিল হয়ে গেলে এনআইডি পাওয়ার সুযোগ স্থায়ীভাবে বন্ধ হবে না; সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার নতুন করে আবেদন করতে পারবেন বলে স্পষ্ট করেছেন আখতার আহমেদ।
তিনি বলেন, ‘কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (অনিষ্পন্ন) অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।’
প্রক্রিয়া ও সংশোধন আবেদনের পরিসংখ্যান
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে জানান, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো হয় বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
তিনি আরও বলেন, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়। তবে আবেদন বাতিল হলেও পরবর্তীতে পুনরায় আবেদনের সুযোগ খোলা থাকছে।
এদিকে, এনআইডি সংশোধন আবেদনের সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে মো. সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং বাকি সব আবেদন ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।










