
অন্তর্বর্তী সরকার দেশের রাজস্ব সংগ্রহ ব্যবস্থা পুনর্গঠনের পথে ‘বাধা সৃষ্টির’ অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের তীব্র সমালোচনা করেছে। সরকার এই পরিস্থিতিকে ‘পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক’ আখ্যা দিয়ে এনবিআরের সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের সব কর্মকাণ্ডকে ‘অত্যাবশ্যকীয় সেবা (Essential Services)’ ঘোষণা করেছে। এর ফলে এই খাতের যেকোনো ধরনের ধর্মঘট বা কর্মবিরতি এখন অবৈধ বলে বিবেচিত হবে।
আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনার প্রধান সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় রাজস্ব সংগ্রহ অনেক কম, যার মূল কারণ হিসেবে রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতিকে চিহ্নিত করা হয়েছে।
এই প্রেক্ষাপটে সরকার সব অংশীজনের পরামর্শ অনুযায়ী এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, দুই মাস ধরে কতিপয় কর্মকর্তা-কর্মচারী রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য নজিরবিহীনভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও রাজস্ব আদায় কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করেছে এবং চরম দুর্ভোগ সৃষ্টি করেছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
সরকার আরও অভিযোগ করেছে, এই তথাকথিত আন্দোলন কেবল সংস্কারের বিরোধিতা করছে না, বরং অর্থবছরের শেষ দুই মাসে রাজস্ব আদায় কার্যক্রমও গুরুতরভাবে বাধাগ্রস্ত করেছে। বিবৃতিতে আন্দোলনকে ‘পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক’ আখ্যায়িত করে এটিকে ‘জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের চরম পরিপন্থী’ বলে উল্লেখ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বারবার দাবি বিবেচনায় নেওয়ার ও আলোচনায় বসার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা তা অগ্রাহ্য করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার গ্রহণযোগ্য সমাধান না করে তাঁরা আন্দোলনের নামে অনমনীয় অবস্থান নিয়ে ক্রমাগত দেশের অর্থনীতির ক্ষতি করে চলেছেন।
এই পরিস্থিতিতে আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের মতো জরুরি কার্যক্রম চলমান রাখার স্বার্থে সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এনবিআরের অধীনস্থ সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের সব শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে দৃঢ়ভাবে আশা প্রকাশ করা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কর্মস্থলে ফিরে আসবেন এবং ‘আইনবিরোধী ও জাতীয় স্বার্থবিধ্বংসী কর্মকাণ্ড’ থেকে সরে আসবেন। অন্যথায়, ‘দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে’ বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:

পশ্চিমাঞ্চল ট্রেনের পাশাপাশি পূর্বাঞ্চলের ট্রেনের মধ্যে ঢাকা–সিলেট, ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজার ও ঢাকা–জামালপুর রুটের ট্রেনগুলোর বেশির ভাগ আসন ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে...
৪ মিনিট আগে
দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে, চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আগামী ৯ মার্চ দেশে তেলবাহী দুটি ভেসেল (জাহাজ) আসছে। আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা বিবেচনায় কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের মোট ২৬৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘অনেকে আতঙ্কিত হয়ে বাড়তি তেল সংগ্রহ করছেন। যুদ্ধের সমাপ্তি নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে বিধায় রেশনিং-এর ব্যবস্থা করা হয়েছে।’
১ ঘণ্টা আগে