Ajker Patrika

তিন মাসে মব সহিংসতায় নিহত ৫৪, আহত ১৪৫: এইচআরএসএস

  • কারাগারে ৩৭ বন্দীর মৃত্যু
  • নির্যাতনের শিকার ৭৮৩ নারী ও কন্যা শিশু
  • নির্যাতন ও হয়রানির শিকার ১৩৫ সাংবাদিক
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
তিন মাসে মব সহিংসতায় নিহত ৫৪, আহত ১৪৫: এইচআরএসএস
ফাইল ছবি

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ১৭ জন নিহত এবং ১ হাজার ২২৭ জনের অধিক মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার (১২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, নিজেদের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানিয়েছে এইচআরএসএস।

বিচারবহির্ভূত হত্যা, হেফাজত ও কারাগারে মৃত্যুর বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিগত তিন মাসে সারা দেশে কারাগারে কমপক্ষে ৩৭ জন আসামি মারা গিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ও নির্যাতনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হেফাজতে ৫ ও নির্যাতনের শিকার হয়ে ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ সময়ে আইন শৃঙ্খলাবাহিনীর ভয়ে আটক এড়াতে পালাতে গিয়ে খালে পড়ে একজন, বহুতল ভবন থেকে পড়ে দুজন এবং পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

এইচআরএসএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত তিন মাসে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২২৭ জন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৬৯টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৪০ জন ও নিহত ৯ জন।

সাংবাদিক নির্যাতনের ঘটনার তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে অন্তত ৮৮টি নির্যাতনের ঘটনায় কমপক্ষে ১৩৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৬৩ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ২৭ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ১৮ জন সাংবাদিক। এ ছাড়া সাইবার সুরক্ষা আইনের আওতায় ৪টি মামলায় ১৮ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কমপক্ষে ৬টি হামলার ঘটনায় ৬ জন আহত, ২টি মন্দির, ৫টি প্রতিমা ও ৪টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থানে দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের ২৮৫টি ঘটনায় ৩০২টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে বস্তাবন্দী অবস্থায় ২৯টি, ঝুলন্ত অবস্থায় ৬৭টি, শরীরে একাধিক আঘাতসহ ৪৩টি লাশ উদ্ধার করা হয়েছে।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ১১টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় নিহত ৪ জন ও আহত হয়েছেন ৪ জন, যাদের সকলেই গুলিবিদ্ধ হয়ে আহত বা নিহত হয়েছেন। অপরদিকে এ সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪টি সহিংসতার ঘটনায় ১ জন আহত, গুলিবিদ্ধ ১ জন এবং ৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া স্থলমাইন বিস্ফোরণে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

শ্রমিক নির্যাতনে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে ২৫১টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৭১ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৬০ জন। অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ১৬৪ জন শ্রমিক তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, গত তিন মাসে নির্যাতনের শিকার ৭৮৩ জন নারী ও কন্যা শিশুর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ২৫৩ জন। যাদের মধ্যে ১৫৪ জন (৬১ শতাংশ) ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত