টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি তাঁর পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।











