
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের শেষ কয়েক সপ্তাহের ঘটনা নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’। প্রামাণ্যচিত্রটি ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’-এ মনোনয়ন পেয়েছে।
আন্তর্জাতিক দূরদর্শন অঙ্গনের অন্যতম শীর্ষ এই পুরস্কারের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে প্রামাণ্যচিত্রটি চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছে।
আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিজয়ী কাজের নাম ঘোষণা করবে ‘ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস’। এ বছর ১৬টি বিভাগে ২২টি দেশের মোট ৬৪টি কাজ এই প্রতিযোগিতায় লড়ছে।
‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে আল-জাজিরার এই অনুসন্ধানী কাজটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ফ্রান্সের ‘আর্টে রিপোর্টাজ: মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘এক্সপোজার: ব্রেকিং র্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘প্রফিসাও রিপোর্টার: ফেমিনিসে’।
বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হলেও আল-জাজিরা ইংলিশ প্রযোজনা করার কারণে আন্তর্জাতিক এমির তালিকায় প্রামাণ্যচিত্রটি কাতারের প্রতিনিধিত্ব হিসেবে স্থান পেয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক সাংবাদিকতার অন্যতম মর্যাদাপূর্ণ ‘ওভারসিজ প্রেস ক্লাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল।
২০২৫ সালের জুলাই মাসে আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) এই প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে। এতে গোপন ফোন কল রেকর্ড, ফাঁস হওয়া নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অন্তিম দিনগুলো পুনর্নির্মাণ করা হয়েছে।
প্রামাণ্যচিত্রটির অন্যতম মূল বিষয় ছিল কিছু অডিও রেকর্ড, যেখানে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায় বলে দাবি করে আল-জাজিরা।
এ ছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড এবং সেই ঘটনার বিবরণ পরিবর্তনের চেষ্টা, সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া ও সরকারের সর্বাত্মক নজরদারি ব্যবস্থার চিত্র এতে বিশদভাবে উন্মোচন করা হয়।
তবে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রামাণ্যচিত্রটির অনুসন্ধানী তথ্য নিয়ে আপত্তি জানিয়েছিল। আল-জাজিরায় প্রকাশিত বিবৃতিতে দলের এক মুখপাত্র দাবি করেন, শেখ হাসিনা আইন প্রয়োগকারী সংস্থাকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট অনুমোদন দেননি। একই সঙ্গে অডিও রেকর্ডের সত্যতা ও ব্যাখ্যার বিষয়েও তারা চ্যালেঞ্জ জানান।
আল-জাজিরার আই-ইউনিটের সঙ্গে এই প্রামাণ্যচিত্রে কাজ করা বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মনোনয়ন পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। এ ছাড়া মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনেও এ তথ্য জানা গেছে।
এর আগে ২০০৪ সালে বাংলাদেশ সম্পর্কিত একটি প্রযোজনা আন্তর্জাতিক এমি সংশ্লিষ্ট মঞ্চে পুরস্কৃত হয়েছিল। সে বছর এটিএন বাংলার ২৫ মিনিটের তথ্যচিত্র ‘আমরাও পারি’ এমি সম্পর্কিত আন্তর্জাতিক সম্মাননা অর্জন করে। রেললাইনের ভাঙা অংশ দেখে দূরন্ত সাহসিকতায় ট্রেনের গতি থামিয়ে দেওয়া কিশোর আবুল খায়েরের সত্য ঘটনা নিয়ে নির্মিত তথ্যচিত্র এটি।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া থেকে আসা টোটাল এনার্জির একটি এলএনজি কার্গো বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালে নোঙর করতে পারছিল না। প্রায় ২৪ ঘণ্টায় তিনবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এলএনজি সরবরাহ ঘণ্টায় ৬০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যায়।
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উভয় দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ বক্তব্যে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে সেই অর্থ খরচের এখতিয়ার দেওয়া হয়নি সুপ্রিম কোর্টকে। তাই সব ধরনের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অনূর্ধ্ব ৫০ টাকা পর্যন্ত প্রধান বিচারপতিকে ক্ষমতা দিতে এবং প্রয়োজনীয় পরিপত্র জারি করতে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
৫ ঘণ্টা আগে