Ajker Patrika

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৮
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হুমায়ুন কবির। ছবি: বিএনপির ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ শনিবার সকালে সিলেটে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে।

হুমায়ুন কবির আরও বলেন, ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাই উচিত।

এর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আর কয়েক দিন পরেই নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে? ব্রিকস সম্মেলনে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন? আর তিনি যদি যোগ না দেন, তবে তাঁর জায়গায় কে আসতে পারেন?

জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য তাঁর জানা নেই।

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হতে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে আসার জন্য ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আগেই আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে ব্রিকসের আসরে আমন্ত্রণ জানানো হয়। গত ১৪ আগস্ট ব্রিফিংয়ে এ তথ্য জানান জয়সওয়াল।

সূত্র: বাসস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত