বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে সরকার গঠনের মধ্য দিয়ে দেশ আজ মঙ্গলবার আবার গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের দায়িত্ব পালনের অবসান হচ্ছে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিএনপি এ নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করছে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় একজন ক্ষমতায় আসছেন। তাঁর বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন দেশের রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী।
আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন। গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) এক পরিপত্রে এসব কথা বলা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচন করা হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপির সূত্র বলেছে, তারেক রহমানের মন্ত্রিসভার আকার হবে ছোট। রেওয়াজ অনুযায়ী, বিএনপির চেয়ারম্যান তাঁর মন্ত্রিসভার সদস্য হিসেবে যাঁদের মনোনীত করবেন, তাঁদের আগেই ফোন দিয়ে শপথ নেওয়ার আমন্ত্রণ জানাবেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তাঁদের অনুষ্ঠানে আনার জন্য পাঠানো হবে গাড়ি। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানও পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব। নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দেশ ফিরবে গণতান্ত্রিক ব্যবস্থায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে নিয়ে যেতে।’ তাঁদের সরকারের সামনে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে। এগুলোর বিষয়েও চ্যালেঞ্জ আছে।
সুতরাং, চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জনগণ যে আস্থা আমাদের ওপর রেখেছে, সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে।’
বিএনপি সর্বশেষ ২০০১ সালে সরকার গঠন করেছিল। খালেদা জিয়ার নেতৃত্বে ওই চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয় ২০০৬ সালের ২৮ অক্টোবর। এর আগে তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরও স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হন।
আজ ক্ষমতায় যাত্রা শুরু হচ্ছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের। তাঁর নেতৃত্বে ছোট আকারের মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে ব্যাপক কৌতূহল থাকলেও এ বিষয়ে নিশ্চুপ বিএনপির দায়িত্বশীল নেতারা। মন্ত্রিসভায় কারা থাকছেন—গতকাল সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অপেক্ষা করতে বলেছেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলে বিএনপি ২০৯টি আসন এবং তার মিত্ররা পেয়েছে ৩টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে ৬৮টি আসনে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং অন্য শরিকেরা আরও ৩টি আসন পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে। ৩০০ আসনের সংসদে সরকার গঠনের জন্য অন্তত ১৫১টি আসনে জয় প্রয়োজন হয়।
তারেক রহমান এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিলেন। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই বিজয়ী হয়েছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান গতকাল ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। ওই আসনে এখন উপনির্বাচনের আয়োজন করবে ইসি। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয় পেয়েছেন ঢাকা-১১ আসনে।
ইসি সচিবালয় সূত্র জানায়, আজ সকাল ১০টায় শুরুতে বিএনপির সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন সিইসি। এরপর বিএনপি জোটের নির্বাচিত তিনজনকে শপথ পাঠ করানোর পর দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। এরপর জামায়াতের জোটের শরিক দলগুলোর সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। এই সময় আরও এগিয়ে আনা হতে পারে। শপথ শেষে সংসদ ভবনের তৃতীয় তলায় রাখা শপথ বইয়ে সই করবেন সংসদ সদস্যরা। এরপর পরিচয়পত্রের জন্য ছবি, আঙুলের ছাপ, ডিজিটাল স্বাক্ষর করবেন তাঁরা। এ জন্য ১০টি বুথ রাখা হয়েছে।
সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য সংসদ ভবনের নিচতলার শপথকক্ষ প্রস্তুত করা হয়েছে। সংসদ ভবনের নয়তলায় সরকারি ও বিরোধী দলের সভাকক্ষও প্রস্তুত করা হয়েছে। শপথের কার্যক্রম শেষে বিএনপির সংসদীয় দল বৈঠক করবে। সেখানে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, উপনেতা, চিফ হুইপ নির্বাচন করা হতে পারে। একই সভায় আগামী জাতীয় সংসদের স্পিকার বাছাই করা হতে পারে; যা সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটে পাস হবে।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদীয় দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর শপথ পড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হবে। এর ভিত্তিতে বিকেল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের মঞ্চের সামনে থাকবে আমন্ত্রিত অতিথিদের বসার চেয়ার। সংসদ ভবন এলাকায় সাজসজ্জা করা হয়েছে। রীতি অনুযায়ী, শপথ অনুষ্ঠানে সংসদ সদস্যদের পরিবারের এক বা একাধিক সদস্য মূল ভবনে প্রবেশ করেন। তবে এবার নিরাপত্তার কারণে শুধু নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রবেশ করতে পারবেন। অবশ্য দু-একটি ব্যতিক্রম বিবেচনা করা হতে পারে।
বিগত জাতীয় সংসদগুলোর শপথ অনুষ্ঠানের দিন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় কাটাতেন। সূত্র বলেছে, এবার সংসদের প্রায় ১ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৬৫ জন ছাড়া বাকি সবাইকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশনে কয়েকজন বাদ পড়তে পারেন। অতীতে এমপিদের শপথ অনুষ্ঠানের সময় সংসদ সচিবালয় এলাকায় সংবাদমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা না থাকলেও এবার ব্যতিক্রম। সংসদ সচিবালয় বলেছে, বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সেখান থেকে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে মন্ত্রিসভার শপথের সময় আমন্ত্রিত ও নির্ধারিত সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন।
ত্রয়োদশ সংসদের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেওয়ার কথা রয়েছে। এই শপথেরও প্রস্তুতিও নিয়েছে সংসদ সচিবালয়। তবে বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, দলটির মতে, বিদ্যমান সংবিধানে সংস্কার পরিষদ বলে কিছু নেই। বিদ্যমান সংবিধানের তৃতীয় তফসিলে বিভিন্ন পদের শপথের বিষয়ে বলা আছে। সেখানে সংসদ সদস্যদের শপথের কথা আছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয় নেই।
সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘এটা যদি সংবিধানে ধারণ করা হয়, সেই মর্মে সংশোধন হয়, সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন, সেটা নির্ধারিত হয়—এতগুলো হয়—এর পরে তারপরে হলে হতে পারে।’
অন্তর্বর্তী সরকার গত বছরের ১৩ নভেম্বর রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে। এর ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন গণভোটও অনুষ্ঠিত হয়। ওই আদেশে বলা হয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে জাতীয় সংসদের সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। যাঁরা সংসদের অধিবেশনের প্রথম দিন থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত ৪৮টি প্রস্তাব সংবিধানে যুক্ত করবেন।
এই আদেশের ৮ ধারায় সংবিধান সংস্কার পরিষদের শপথবাক্য পাঠ করার বিষয়ে বলা হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই অনুষ্ঠানে পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। ২ উপধারায় বলা আছে, সংসদ সদস্যদের শপথ যিনি পরিচালনা করবেন, তিনিই পরিষদের সদস্যদের শপথ পরিচালনা করবেন।
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। গতকাল দুপুরে টেলিফোনে এই আমন্ত্রণ জানান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

নতুন সরকারের মন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রেখেছে অন্তর্বর্তী সরকার। তাঁদের জন্য গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। সরকার গঠন করতে যাওয়া বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঠিক করা হবে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৯৯ শতাংশ প্রার্থী কোনো না কোনো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণে ৫৮ ধরনের আচরণবিধির প্রায় সব ক্ষেত্রেই লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।
৫ ঘণ্টা আগে
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৫ ঘণ্টা আগে