
দেশের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক পর্যটন উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে পর্যটনকেন্দ্রের ওপর ভিত্তি করে উন্নয়নে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভায় পর্যটনমন্ত্রী বলেন, ‘পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প, যার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত।’ দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ২ থেকে ৩ শতাংশ। এই অবদান ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।’
দুই মন্ত্রণালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষরের পর সাংস্কৃতিক পর্যটন উন্নয়নে অভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করা হবে বলে জানান মন্ত্রী। এর মাধ্যমে ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি এসব স্থানকে পর্যটনবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দেশের কালচারাল টুরিজমকে এগিয়ে নিতে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স গঠন করা হবে।
সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের দেশীয় ঐতিহ্য হাজার বছরের পুরোনো। এই ঐতিহ্য সংরক্ষণ করে বিশ্বের সামনে তুলে ধরতে চায় সরকার। দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর পর্যটন থিমকে সামনে রেখে উন্নয়ন করা হবে। বর্তমানে দেশে ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান রয়েছে। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করবে সংশ্লিষ্ট টাস্কফোর্স। পরিদর্শনের পর প্রতিটি স্থাপনার সম্ভাবনা ও প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দেশের বিমানবন্দরগুলোতে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য ‘নজরুল বর্ষ’-এর প্রচারণা চালানোর প্রস্তাব দেন। পর্যটনমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় প্রচারণামূলক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংস্কারের জন্য হয়েছে, কোনো বিপ্লব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ সোমবার রাজধানীর সিরডাপে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এক বহুদলীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।
৪০ মিনিট আগে
জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশি কর্তৃপক্ষকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও অন্যদের দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটকে রাখার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এই চর্চা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন কোনো পবিত্র ধর্মগ্রন্থ নয়; প্রয়োজনে তা পরিবর্তনযোগ্য। সরকারের কোনো কাজে ভুল হলে তা সংশোধনের জন্য সরকার উন্মুক্ত। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
৩ ঘণ্টা আগে