
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিলেট-ঢাকা রেলপথে ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত এ বিষয়ে কাজ শুরু হবে। আজ শনিবার সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সিলেট-ঢাকা রুটে রেল যোগাযোগ উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এ বিষয়ে দ্রুত কাজ শুরু হবে এবং সিলেট-ঢাকা রেলপথে ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে আমরা কম খরচে যাতায়াত করতে পারব। একই সঙ্গে ব্যবসায়ীরাও কম খরচে তাঁদের ব্যবসায়িক মালামাল আনা-নেওয়া করতে পারবেন।’
সড়কপথের চেয়ে রেলপথের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তা যতই বাড়াতে থাকি তত বেশি গাড়ি নামবে। ট্রাফিক বাড়বেই। এ ছাড়া রাস্তা সম্প্রসারণের কারণে ফসলের জমিও নষ্ট হয়। তবে অবশ্যই রাস্তার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন আমরা করব। কিন্তু মূলত রেলটাকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই।’
সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ঢাকা-সিলেট রুটে সড়কের অবস্থা এতটাই খারাপ যে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়। সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমি নির্বাচনী প্রচারের সময় এসে বলেছিলাম, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে সিলেট-ঢাকা সড়ক নির্মাণের কাজে হাত দেব।’
তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের পরে এ বিষয়ে সড়কের দায়িত্বে যে মন্ত্রণালয় আছে, আমি তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, কাজটি যখন শুরু হয়, বিভিন্ন জায়গায় তাদের কোম্পানিগুলোর যে সাইট অফিস থাকে সেখানে ১১টিতে জমি অধিগ্রহণে সমস্যা রয়ে গেছে। এ ছাড়া প্রশাসনিকও নানা জটিলতা রয়েছে।’
তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করছি, দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারব। দুই থেকে তিন বছরের মধ্যে তা শেষও করা হবে। ফলে ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা বাই রোডে যাতায়াতে মানুষকে আর এত কষ্ট ভোগ করতে হবে না।’
সিলেট সিটি করপোরেশন এলাকায় সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশ আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় চাঁদনী ঘাট এলাকায় এ সমাবেশ শুরু হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সংসদের হুইপ জি কে গউছ এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বক্তব্য দেন।
অনুষ্ঠানে অতিথি সারিতে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাম্মী আখতার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী।
এর আগে বেলা ১১টায় চাঁদনী ঘাটে সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী সিলেটে এসে প্রথমে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি সেখান থেকে ‘সবার আগে বাংলাদেশ’ খ্যাত লাল-সবুজ বাসে চড়ে চাঁদনী ঘাটে আসেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প...
২৫ মিনিট আগে
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তৃতীয় পক্ষ দেশে অশান্তি সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে...
১ ঘণ্টা আগে
ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ, অস্থায়ী কাউন্টার ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনীতির পটপরিবর্তনের পর এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও খুনোখুনির একাধিক ঘটনা ঘটেছে। কয়েক দশক ধরে এটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে