
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।
আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) ঐতিহ্যবাহী বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন—এতে ভোটারদের কীভাবে আশ্বস্ত করবেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা পালিয়ে আছে, তারা অনেক কিছুই বলতে পারে। যদি সাহস থাকে, দেশে এসে কথা বলুক। আইনের আওতায় এসে বললে সেটার অর্থ থাকবে।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে। কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। সবাই সহযোগিতা করলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে।
আরাকান আর্মির সীমান্ত লঙ্ঘন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার একটি বৈধ রাষ্ট্র। কিন্তু বর্তমানে রাখাইন সীমান্ত এলাকায় আরাকান আর্মির দখল রয়েছে। মিয়ানমার সেনাবাহিনী সেখানে নেই, এ কারণেই আমাদের সমস্যা হচ্ছে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে এবং সীমান্তে কোনো ঘটনা ঘটলে মিয়ানমার সরকারকে প্রতিবাদ জানানো হয়। তবে আরাকান আর্মিকে এখনো বৈধতা দেওয়া হয়নি। তারা বিভিন্নভাবে সীমান্তে সমস্যা সৃষ্টি করছে। সম্প্রতি একটি শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন উপদেষ্টা।
মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ হলে সেখান থেকে গোলা এসে বাংলাদেশের ভেতরে পড়ে। এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সীমান্ত সিল করার কোনো চিন্তাভাবনা সরকারের আছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে সব সময়ই বাহিনী মোতায়েন রয়েছে। সীমান্ত দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
পালিয়ে থাকা সাবেক সরকারের অনুসারীরা বাহিনীর ভেতরে আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘পালিয়ে থাকাদের কোনো অনুসারী আমাদের বাহিনীর মধ্যে নেই।’
বিজিবিতে রেকর্ড ৩ হাজার ২৩ জন সৈনিক নিয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই প্যারেড গ্রাউন্ডে গত ৪৪ বছর ধরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত এখানে ৮০০ থেকে ১ হাজার রিক্রুট প্রশিক্ষণ শেষে পাস আউট করেন। তবে এবার প্রথমবারের মতো ৩ হাজারের বেশি নবীন সৈনিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের দ্রুত প্রশিক্ষণ শেষ করে বিভিন্ন ইউনিটে পাঠানো হচ্ছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এত বেশি রিক্রুটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে এসব বাহিনী দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের সংস্কৃতি মতো একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। যদি এ রকম ঘটনা হয়, অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে। সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়া চলবে। তদন্তের আগেই যদি আমরা পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বের হতে চায়।’
২ মিনিট আগে
সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেওয়ার জন্য পরিবহনের মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার রাতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
৩৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের করা ‘পারস্পরিক বাণিজ্যচুক্তি’ নিয়ে সম্প্রতি আলোচনা জোরালো হয়েছে। অনেকের মতে, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সেভাবে সংরক্ষণ করা হয়নি। চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে, এতে বাংলাদেশের জন্য যতটা না ছাড়ের ব্যবস্থা রয়েছে, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের...
৩৮ মিনিট আগে
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’। আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে