
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই ভোটের মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটছে নির্বাচনের প্রধান দুই দল বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে। স্বতন্ত্র প্রার্থীরাও আক্রান্ত হচ্ছেন, কোথাও কোথাও তাঁদের কর্মী-সমর্থকেরাও সংঘাতে জড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় নওগাঁ, কুষ্টিয়া ও ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে অন্তত ৩৮ জন আহত হয়েছেন।
এ ছাড়া খুলনায় ইসলামী আন্দোলনের মহিলা কর্মীদের ওপর জামায়াতের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। ঢাকার নবাবগঞ্জে জামায়াতের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাগেরহাটেও আক্রান্ত হয়েছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়।
তিন জেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির সালিস বৈঠকে জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন। খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে জয়ন্তী হাজরা ইউনিয়নের শ্যামপুর গ্রামে আবদুর রহমান নামের বিএনপির এক ভোটারের কাছে জামায়াতের কর্মীরা ভোট চাইতে গেলে বিরোধের সূত্রপাত হয়। বুধবার সকালে মাসিলিয়া বাজারের বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অফিসে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা সালিস বৈঠকে বসেন। এ সময় বিএনপির কর্মীদের ওপর দুই দফায় জামায়াতের কর্মীরা হামলা চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, বৈঠকের শেষ দিকে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। পরে তাঁরা স্থানীয়ভাবে বিরোধ মিটিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার সকালে ভোলার দৌলতখানে নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পৃথক দুই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। আহতদের দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও একই উপজেলার মেদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এসব ঘটনা ঘটে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে নওগাঁ সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে গত মঙ্গলবার বিকেলে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিএনপির ক্যাম্পে আগুন, জামায়াত নেতাকে কুপিয়ে জখম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ফিডার সড়কে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নূর আলম মুন্সি (৪০) নামের জামায়াতের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও জামায়াতের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেনের নির্বাচনী পরিচালনা ইউনিয়ন কমিটির আহ্বায়ক।
ফরিদপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মো. সারোয়ার হোসেন বলেন, ‘তাঁকে (নূর আলম মুন্সি) অজ্ঞাত ব্যক্তিরা কুপিয়েছে। যে বা যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।’
হাসপাতালে চিকিৎসাধীন নূর আলম বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর প্রার্থী সরোয়ার হোসেনের নির্বাচনী হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম। পথে মোবাইলে একটি কল আসে। মোটরসাইকেল সড়কের পাশে দাঁড় করিয়ে কথা বলছিলাম। তখন হেলমেট পরা অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে আমার মাথায় কোপ দেয়। তাদের চিনতে পারিনি।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি বলেন, ‘হামলার ঘটনার কথা শুনেছি। কেউ অভিযোগ করেননি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে মঙ্গলবার ভোরে ফরিদপুর-৩ আসনের কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন মৃগী এলাকায় বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা সেখ জানান, ফজরের নামাজ শেষে তিনি মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ‘এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইসলামী আন্দোলনের মহিলা কর্মীদের ওপর জামায়াতের হামলা
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবু সাইদের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারের সময় দলটির মহিলা কর্মীদের ওপর হামলা হয়েছে। এ হামলার জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জামায়াতে ইসলামীকে দায়ী করে দাকোপ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবু সাইদের এজেন্ট শফিকুল ইসলাম অভিযোগ করেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী আন্দোলনের ১২-১৩ জন মহিলা কর্মী দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে যান। এ সময় স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা ওই নারীদের মারধর করেন। এতে ১১-১২ জন নারী আহত হন।
আহতদের একজন রোজিনা বেগম বলেন, জামায়াতের নেতা-কর্মীরা শুধু মারধরই করেননি, নারীদের গলায়, হাতে, কানে থাকা স্বর্ণালংকারও খুলে নিয়েছেন এবং মুঠোফোন কেড়ে নিয়েছেন।
অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। দাকোপ থানার ওসি আতিক হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবাবগঞ্জে জামায়াতের কর্মীকে ছুরিকাঘাত
ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নে মঙ্গলবার রাতে আমির হোসেন জামায়াতে ইসলামীর এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। জামায়াতের অভিযোগ, যুবদলের স্থানীয় নেতা কামাল হোসেনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল আমির হোসেনের ওপর এই হামলা চালায়। ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে জামায়াতের দোহার ও নবাবগঞ্জ উপজেলার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
দুই স্বতন্ত্র প্রার্থীর অফিস আক্রান্ত
সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা, অফিসে তালা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রার্থী এম এ এইচ সেলিম এই অভিযোগ করেন।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, খুলনা এবং ভোলা, ফরিদপুর, কুষ্টিয়া, বাগেরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকার প্রায় অর্ধেকই নারী। অথচ ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে নারী মাত্র ৪ শতাংশ। আবার নানা বাধা ঠেলে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের লড়াই শুধু দলীয় প্রতীক বা আদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়। নানা রকম বৈষম্য, পীড়ন, নিরাপত্তাহীনতা এবং সর্বোপরি প্রথাগত...
২ ঘণ্টা আগে
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী মোহনাকে দেখতে এসেছিলেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় প্রধান উপদেষ্টা ফোনে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
৬ ঘণ্টা আগে
আদমজী ইপিজেডের ভেতরে থাকা ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সঞ্চালনব্যবস্থা সচল ও নিরাপদ রাখতে এটি প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। পাইপলাইন প্রতিস্থাপন একটি জটিল প্রক্রিয়া। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত শিশু মোহনার (১১) চিকিৎসার খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে বাণিজ্য উপদেষ্টার কাছে মোহনার শারীরিক অবস্থার...
৮ ঘণ্টা আগে