
৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারা দেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব দেন মন্ত্রী।
এর আগে, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক তাঁর নোটিশে বলেন, ‘রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না। কেউ কেউ ঠিকানা পরিবর্তন করে। কেউ কিছু কিছু প্রশাসনের ইঙ্গিতে চালাচ্ছে এই অবৈধ ব্যবসা। ব্যবস্থা নিন।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আগামী ৩০ এপ্রিল সংসদের সেশন শেষ হওয়ার পর আমরা সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। এ দেশের যুবসমাজকে রক্ষা করতে এর কোনো বিকল্প নেই।’
সিসা বারের বিষয়ে আওয়ামী লীগ সরকারের আমলকে অভিযুক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও প্রশাসনের কতিপয় কর্মকর্তার ছত্রচ্ছায়ায় গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বারিধারার মতো অভিজাত এলাকায় রেস্টুরেন্ট ও ক্যাফে ব্যবসার আড়ালে অবৈধ সিসা বার ও মাদক স্পট গড়ে উঠেছিল, সেখানে মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড হতো। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সিসা বার বন্ধ করা হলেও পরে প্রভাব খাটিয়ে তা চালু করা হতো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে এসব স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। ১৬ ও ২০ এপ্রিল রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিজাত এলাকায় ঠিকানা পরিবর্তন করে বা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাতে কেউ অবৈধ ব্যবসা করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এসব অবৈধ কারবারে মদদ দেওয়ার প্রমাণ পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাধ্যমেও ট্রেড লাইসেন্সবিহীন এসব অবৈধ প্রতিষ্ঠান চিহ্নিত করে বন্ধের প্রক্রিয়া চলমান রয়েছে। ৩০ এপ্রিলের পর শুরু হতে যাওয়া এই বিশেষ অভিযানে জেলা ও উপজেলা পর্যায়ে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে বলে সংসদকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছে। অবৈধ সিসা লাউঞ্জের কারবার চালু রাখার জন্য রাষ্ট্রপক্ষের বিপক্ষে পাঁচটি রিট করেছেন মালিকেরা। এসব মামলায় মহামান্য হাইকোর্টের রুল ও নির্দেশনার বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তর আপিল করেছে। আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন আদেশ ভেকেট করে দিয়েছেন।
জয়নুল আবদিন ফারুক সম্পূরক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান—বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে কতজন মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে হলে মাননীয় সংসদ সদস্য আমাকে নোটিশ দিলে পরবর্তীতে বলতে পারব।’

দেশের চার জেলায় বজ্রপাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও নোয়াখালীতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে গতকাল রোববার আট জেলায় বজ্রপাতে ১৫ জন নিহত হন।
৭ মিনিট আগে
পঞ্চাশ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি সারা দেশে আলোড়ন তুলেছিল। সেই যাত্রা শুরু হয়েছিল যশোর থেকে। শার্শার উলশী-যদুনাথপুর খাল ছিল প্রথম প্রকল্প। একে কেন্দ্র করে নতুন স্বপ্নে জেগেছিল এলাকার মানুষ। এত বছর পর আবার সেই খাল পুনঃখনন করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের...
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ করে আইনানুযায়ী বাছাই...
২ ঘণ্টা আগে
মন্ত্রীর বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এত বজ্র সুনামগঞ্জে, এত বজ্রপাত হয় জানলে তো বিয়েই করতাম না ওখানে।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘সাম্প্রতিক কয়েক বছরে বজ্রপাত ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে হাওর অঞ্চল ও উত্তরাঞ্চলে প্রায়ই বজ্রপাতে...
২ ঘণ্টা আগে