
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা এবং দুই দেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে সারাহ কুক বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তার জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি তাঁর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ, কমনওয়েলথ শিক্ষাবৃত্তি বৃদ্ধি, দেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের ঐতিহাসিক বন্ধন জোরদার ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কমনওয়েলথের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশগুলোর যৌথ উন্নয়ন ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই ধারাকে উত্তরোত্তর শক্তিশালী করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্য স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অতিরিক্ত তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল ক্লাইমেট ডেটা বিনিময়ের একটি নতুন উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত তথ্যের আদান-প্রদানের মাধ্যমে পূর্বাভাস আরও নিখুঁত করা এবং বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার, উন্নয়ন পরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
৪ মিনিট আগে
কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেছেন, দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত
২৫ মিনিট আগে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং এই কেন্দ্র থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়।
২৬ মিনিট আগে
শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতাদের ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন...
৪৩ মিনিট আগে