Ajker Patrika

সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২০: ৪৩
সরকারি কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ভুয়া পরিচয়ে অর্থ দাবি, বিভিন্ন ধরনের তদবির ও প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের কাছে বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার মাধ্যমে অর্থ দাবি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা চালানো হচ্ছে। এর ফলে একদিকে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট বা ব্যবহৃত মোবাইল নম্বর—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের কোনো বার্তা পেলে যাচাই-বাছাই ছাড়া কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক বার্তা বা কার্যক্রমের শিকার হলে কিংবা এমন কোনো তথ্য পেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পাশাপাশি সাইবার পুলিশ সেন্টার, সিআইডি অথবা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত