দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপাতত দেশের কোথাও বন্যা পরিস্থিতি নেই। তবে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী ও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি আবারও বাড়তে পারে।
আজ শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৮ টিতে পানি বেড়েছে ও ৫৬ টিতে কমেছে এবং তিনটিতে অপরিবর্তিত রয়েছে। তবে কোনো স্টেশনেই পানি বিপৎসীমার ওপরে নেই।
পূর্বাভাস বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি বেড়েছে। আগামী তিন দিন এ বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এরপর দুই দিন পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। গঙ্গা নদীর পানিও বেড়েছে। তবে পদ্মার পানি রয়েছে স্থিতিশীল। আগামী পাঁচ দিন গঙ্গা-পদ্মা অববাহিকার পানি বাড়তে পারে, যদিও তা বিপৎসীমার নিচেই থাকবে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী একদিন পরিস্থিতি স্থিতিশীল থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে পানি আবার বাড়তে পারে। তিস্তা ও ধরলার পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতলে আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে দুধকুমার নদীর পানি কমেছে।
এদিকে বিপৎসীমার নিচে থাকলেও তিস্তা ও কুশিয়ারা নদীর চারটি পয়েন্টে পানি সতর্ক সীমায় রয়েছে। তিস্তার নীলফামারীর ডালিয়া ও গাইবান্ধার তারাপুর এবং কুশিয়ারার সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে পানি সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরের বদরগঞ্জে। সিলেটের জকিগঞ্জে হয়েছে ৪৩ মিলিমিটার। উজানের ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৩০ মিলিমিটার।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল রোববার দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ৭ থেকে ৯ সেপ্টেম্বরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হতে চলেছে।
২ ঘণ্টা আগে
ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বলেন, সারা দেশে শিগগিরই কারাবন্দীরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে।
২ ঘণ্টা আগে
আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বোয়িং কিনতে হবে এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।
৩ ঘণ্টা আগে
বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে চালু হয় ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা। প্রথমে মৌসুমি ফল পরিবহনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই সেবা এখন সম্প্রসারিত হয়েছে নিত্যব্যবহার্য বড় বড় পণ্যসামগ্রী পরিবহনেও।
৫ ঘণ্টা আগে