Ajker Patrika

দুর্গাপূজায় নিরাপত্তায় থাকছে অ্যাপ, বাড়ানো হয়েছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দুর্গাপূজায় নিরাপত্তায় থাকছে অ্যাপ, বাড়ানো হয়েছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপ ব্যবহার, জেলা পর্যায়ে প্রশিক্ষণ এবং পুলিশি নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এ বছর পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার, তার ব্যবস্থা করছি। যেমন একটা অ্যাপ করেছি, যেটা ইলেকশনের সময় চালু করা হয়েছিল। সেই অ্যাপটি ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করেছি।’

জেলা পর্যায়েও অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যাতে যেকোনো রকমের অঘটন যদি হয়, সেটা সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি এবং ব্যবস্থা গ্রহণ করা যায়।’

পুলিশের পক্ষ থেকে সদর দপ্তরে মণ্ডপগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। জেলা ও বিভাগীয় পর্যায়েও এ ব্যবস্থা থাকবে বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা মণ্ডপের পার্শ্ববর্তী থানায় মণ্ডপের স্বেচ্ছাসেবকদের টেলিফোন নম্বর, তালিকাসহ সব তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সবাই আশ্বস্ত হয়েছেন এবং আশা করি আমাদের সবার সহযোগিতা ও নজরদারিতে আগামী শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে মহা উৎসবে প্রতিপালিত হবে।’

কোনো অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে কি না কিংবা এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন রয়েছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এখনো পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের খবর পাইনি। তবে এরকম যদি কিছু থাকে, আমাদের তো সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং সবাই সতর্ক আছি। সেরকম কোনো কিছু যদি হয়, ঝুঁকিপূর্ণ হয়, সেটা আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেব।’

সাংবাদিকের প্রশ্নের জবাবে মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে।’

ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যারা অপরাধী হিসেবে ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটা আমরা কখনোই আমলে নেব না। তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ওই ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা তদন্তাধীন। এ বিষয়ে আমরা কাউকে ছাড় দেব না, যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত