
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতিমধ্যে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। সূত্রের একজনের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবারই তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছেন এবং আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়া হতে পারে।
তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বিষয়ে রয়টার্সের ফোন ও বার্তার জবাব দেননি। একইভাবে প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্ররাও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা চলতি বছরের ডিসেম্বরের দিকে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর নতুন সরকারের ওপর তাঁর ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ থেকে সরাতে চাপ তৈরি হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও পদটি মূলত আনুষ্ঠানিক। নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ও মন্ত্রিসভার হাতে থাকে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতির পদটি বিশেষ গুরুত্ব পায়। ওই আন্দোলনের মুখে শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তারও আগে, ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। বর্তমানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল।
গত বছরের ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছেন। সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে।
রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। পরে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
যদিও এখন পর্যন্ত সরকারিভাবে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়নি, তবে রয়টার্সের সঙ্গে কথা বলা তিনটি সূত্রই জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা আজ দেওয়া হতে পারে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
১ ঘণ্টা আগে
কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেছেন, দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত
১ ঘণ্টা আগে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং এই কেন্দ্র থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতাদের ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন...
২ ঘণ্টা আগে