
বাংলাদেশের অ্যাভিয়েশন শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্য। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইনের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের কাছে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মুহাম্মদ ফারুক খান বলেন, ‘এই মুহূর্তে প্রধানত কথা হয়েছে আমাদের অ্যাভিয়েশন সিকিউরিটি নিয়ে প্রশিক্ষণের বিষয়ে। এই প্রশিক্ষণের সঙ্গে বিনিয়োগও হতে পারে, যুক্ত হতে পারে আধুনিক যন্ত্রপাতি। তবে ভবিষ্যতে অ্যাভিয়েশন খাতে কীভাবে বিনিয়োগ করবে, তা নিয়েও আলোচনা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বেসামরিক বিমান খাতে যৌথভাবে কী করা যায়, সেটাই ছিল আমাদের আলোচনার মূল কেন্দ্র। তাঁরা আমাদের নতুন বিমানবন্দর দেখেছেন। তাঁরা বুঝতে পেরেছেন যে এখানে অনেক কাজ হবে। ইউরোপে তাঁরা এয়ারবাস বানান, আমাদের বিমানের বহরে বোয়িং আছে। তাঁরা আমাদের কাছে এয়ারবাস বিক্রির প্রস্তাব দিয়েছেন। এখন পর্যন্ত যতটুকু জানি, বেশ ভালো প্রস্তাব আমরা পেয়েছি। এরই মধ্যে বোয়িংও আমাদের ভালো প্রস্তাব দিয়েছে। সেগুলো এখন পরীক্ষা-নিরীক্ষা করছি। এ বিষয়ে বর্তমানে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে একটি মূল্যায়ন কমিটি করা হয়েছে। বাংলাদেশের জন্য যেগুলো ভালো হবে; সেগুলো আমরা বিবেচনা করব।’
ফারুক খান বলেন, ‘এয়ারবাস এরই মধ্যে অর্থনৈতিক প্রস্তাব দিয়েছে। সেগুলো ভালোভাবে পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নেব। এবারই তারা একটি সমঝোতা স্মারকে সই করার কথা বলেছিল। কিন্তু আমরা বলেছি, আগে মূল্যায়ন শেষ হোক, তারপর সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এ ছাড়া সিকিউরিটি, গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়েও কথা হয়েছে। এসব খাতে তাদের বিনিয়োগের সম্ভাবনা আছে। তারা জানে, ঢাকা ছাড়াও সিলেট ও কক্সবাজারে আমাদের দুটো বিমানবন্দরের উন্নয়নকাজ চলমান আছে। তারা আরও জানতে পেরেছেন, সৈয়দপুরে একটা বিমান হাব তৈরির চেষ্টা করছি। এসব কারণে তারা বেসামরিক বিমান খাত নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করেছে।’
ভালো প্রস্তাব বলতে তারা কী দিতে চেয়েছে বা বাংলাদেশ কতটি উড়োজাহাজ কিনতে চায় এবং উড়োজাহাজ কিনতে কত টাকা লাগবে সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হবে তার সুদ, সেই সঙ্গে টেকনিক্যাল বিষয়গুলোতে বেশ ভালো প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ ১০টির মতো এয়ারবাস কিনতে চায় বলেও জানান বিমানমন্ত্রী। তবে এ বিমান কিনতে কত টাকা লাগতে পারে, তা নির্ভর করবে কীভাবে প্রস্তাব আসে তার ওপর বলেও জানান তিনি।
এ সময় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইন বলেন, ‘যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক ও অংশীদারত্ব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের নিরাপত্তাবিষয়ক অংশীদারত্ব রয়েছে। আমরা অ্যাভিয়েশন খাতে দুই দেশের সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া তা আলোচনা করেছি।’
বাংলাদেশের সার্বিক উন্নতিতে আনন্দ প্রকাশ করে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি পাচ্ছে এবং ২০২৬ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। সে ক্ষেত্রে অ্যাভিয়েশনশিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ তার বিমানবন্দরগুলোর উন্নয়ন করছে। নতুন টার্মিনাল নির্মিত হয়েছে। এ কারণে আমরা বাংলাদেশের সঙ্গে অ্যাভিয়েশন শিল্পের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের দক্ষতা শেয়ার করতে চাই।’

ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায়
১ ঘণ্টা আগে
অবশেষে চূড়ান্ত হয়েছে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেনের নাম। ‘সপ্তপদী এক্সপ্রেস’ নামে পাবনা-ঢাকা-পাবনা রুটে যমুনা সেতু হয়ে চলবে এটি। বাংলাদেশ রেলওয়ে ৮০৭/৮০৮ নম্বরের নতুন এই এক জোড়া আন্তনগর ট্রেনের নামসহ পরিচালনার অনুমোদন এরই মধ্যে দিয়ে দিয়েছে। ট্রেনটিতে থাকবে এসি সিট, স্নিগ্ধা ও শোভন...
২ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র বিষয়টি বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে। সেই সঙ্গে মুসলিম দেশগুলোর উদ্যোগে গঠিত এ ধরনের প্রতিরক্ষা জোটে ঢাকার অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবীর...
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে