বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখায় ঠিকাদারের বিল ছাড়ে ১০ থেকে ২০ শতাংশ ঘুষ নেওয়া, ওভারটাইমে দিনে ২০ থেকে ২২ ঘণ্টা কাজ দেখিয়ে অর্থ উত্তোলন এবং যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অনিয়মের তথ্য ও প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার বেবিচকের প্রধান কার্যালয়ে দিনভর অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে ই/এম শাখার নথিপত্র, বিল-ভাউচার ও সংশ্লিষ্ট কার্যক্রম যাচাই করা হয়।
দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বুধবার আজকের পত্রিকাকে বলেন, ঠিকাদারদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ওভারটাইম, যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামে অর্থ আত্মসাতের তথ্যও মিলেছে।
দুদক সূত্র জানায়, বেবিচকের উন্নয়ন প্রকল্পের কাজ, বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা এবং ঠিকাদারদের বিল পরিশোধে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। যাচাইয়ে সরকারি অর্থ ব্যয়ের বিভিন্ন অসংগতি সামনে এসেছে।
দুদকের অনুসন্ধানে ই/এম শাখায় ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ঠিকাদারদের কাছ থেকেও তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে আভিযানিক দল। বিল পাওয়ার জন্য ঠিকাদারদের এ অর্থ দিতে বাধ্য হওয়ার অভিযোগ পেয়েছে সংস্থাটি।
ওভারটাইমের অর্থ নিয়েও অনিয়মের তথ্য পেয়েছে দুদক। বেবিচকে বছরে ওভারটাইম বাবদ প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ থাকে। অতিরিক্ত অর্থ উত্তোলনের উদ্দেশ্যে কোনো কোনো শাখায় দিনে ২০ থেকে ২২ ঘণ্টা কাজ করার হিসাব দেখানো হয়েছে বলে অভিযানে পাওয়া নথিপত্রে দেখা গেছে।
যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামেও সরকারি অর্থ আত্মসাতের তথ্য পেয়েছে দুদক। ভুয়া বিল-ভাউচার তৈরি এবং অনিয়মের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ খতিয়ে দেখছে আভিযানিক দল।
আক্তারুল ইসলাম বলেন, অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ পর্যালোচনা করে দায়ীদের চিহ্নিত করা হবে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে দলটি।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউছার মাহমুদ বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।










