Ajker Patrika

পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৯: ২২
পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে বরখাস্ত করেছে সরকার। পালানোর অভিযোগে তাঁকে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চাকরি থেকে বরখাস্ত করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সহকারী সচিব মনিরুজ্জামান বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য মনিরুজ্জামানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। ওই বছরের ৩১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে অবমুক্ত করা হলেও ২০২৪ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেননি।

সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় বিষটি জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। মনিরুজ্জামানকে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলেও তিনি মন্ত্রণালয়ে যোগ দেননি।

২০২৪ সালের ১ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থলে যোগ না দেওয়ায় মনিরুজ্জামানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে গত বছরের ২২ এপ্রিল বিভাগীয় মামলা হয়।

মনিরুজ্জামান ২০২৫ সালের ১ মে লিখিত জবাব দাখিল করে জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত হওয়ার পর ইউএনও হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি যোগদান করেননি। ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন না জানিয়ে লিখিত জবাব গ্রহণ করার অনুরোধ জানান তিনি। এরপর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

মনিরুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে গত ২২ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা তাঁর প্রতিবেদনে জানান। এরপর মনিরুজ্জামানকে চাকরি থেকে কেন বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারির সিদ্ধান্ত হয়। গত ৬ নভেম্বর তাঁর স্থায়ী ঠিকানা ও ব্যক্তিগত ই-মেইলে বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদনসহ দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি তার জবাব দেননি। এরপর সরকারি কর্ম কমিশনের পরামর্শ নিয়ে গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই গুরুদণ্ড দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত