অননুমোদিতভাবে শাখা বা এজেন্ট নিয়োগ করে অভিবাসন ব্যবসা কার্যক্রম পরিচালনা করলে শাস্তির বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন (সংশোধন), ২০২৩’–এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’–এর নাম পরিবর্তন করে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ করা হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, বৈঠকে ‘বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩’–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
অভিবাসন আইন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অভিবাসন ব্যবসায় আন-অফিশিয়ালি একটি গ্রুপ জড়িত থাকে। যাদের কোনো কাঠামোর মধ্যে আনা যাচ্ছিল না। তাঁদের ম্যানেজ কিংবা রেগুলেট করাও যাচ্ছিল না। এখন তাঁদের সাব-এজেন্ট কিংবা প্রতিনিধি হিসেবে সংজ্ঞায়িত করা হবে। এতে তাঁরা কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির আওতায় আসবেন। তাঁদের একটি সুনির্দিষ্ট বিধির আওতায় চিহ্নিত এবং তাঁরা নিবন্ধিত থাকবেন। তাঁদের এখন রেগুলেটরি ফ্রেমওয়ার্কে নিয়ে আসা হবে। যদি কেউ অননুমোদিতভাবে শাখা বা এজেন্ট নিয়োগ করে ব্যবসা পরিচালনা করেন, তখন তাঁদের শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এ ছাড়া বিদ্যমান আইনে এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। কিন্তু নতুন আইনে বিশ্বাসযোগ্য মাত্রায় অভিযোগ থাকলে লাইসেন্স বাতিল নয়, সাময়িক স্থগিত করা যাবে।
ডিজিটাল বাংলাদেশ দিবসের নাম পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আমরা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্যাপন করে থাকি। এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশের ধারণা থেকে আমরা স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছি। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা ১২ ডিসেম্বর যে “ডিজিটাল বাংলাদেশ দিবস” উদ্যাপন করতাম সেই নাম পরিবর্তন করে একই তারিখে “স্মার্ট বাংলাদেশ দিবস” উদ্যাপন করব। মন্ত্রিসভা সেটি অনুমোদন দিয়েছে।’
২০০৮ সালে জাতীয় নির্বাচনের প্রাক্কালে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের বিস্তারিত রূপরেখা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল আওয়ামী লীগ। ডিজিটাল বাংলাদেশের ইশতেহারকে স্মরণীয় করে রাখতে ২০১৭ সালে প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালন করে সরকার। পরের বছর দিবসটির নাম পরিবর্তন করে ডিজিটাল বাংলাদেশ দিবস করা হয়। আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে। সে কারণে দিবসটির নাম আবারও পরিবর্তন করা হলো।
এমবিবিএস, বিডিএস, নার্সিং, ফার্মেসির বাইরের স্বাস্থ্যশিক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণে ‘বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষাবোর্ড আইন-২০২৩ ’–এর খসড়ার নীতিগত অনুমোদনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, বাংলাদেশে স্বাস্থ্যশিক্ষার কাঠামোতে এমবিবিএস, বিডিএস, নার্সিং, ফার্মেসি-এই জাতীয় শিক্ষার সুনির্দিষ্ট কাঠামো আছে। এগুলো পরিবীক্ষণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। কিন্তু এর বাইরে কিছু শিক্ষা থাকে যার নিয়ন্ত্রণ, পরীক্ষা পদ্ধতি, পাঠ্যসূচির ভালো কাঠামো নেই। এ কারণে আইনটি উপস্থাপন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশে ম্যাটস, আইএইচটির মতো তিন শতাধিক প্রতিষ্ঠান আছে, যারা স্বাস্থ্য খাতে কাজ করছে। অ্যালাইড হেলথ ব্যবস্থায় যখন কেউ সেবা নিতে চাইবে, তখন ফি আদায় করে তারা আয় করতে পারবে। এই আইনের অধীনে একটি বোর্ড থাকবে, সেই বোর্ড এমবিবিএস, বিডিএস, নার্সিং, মিডওয়াইফারি, ফার্মেসি শিক্ষার বাইরে অন্য সহযোগী চিকিৎসা শিক্ষা ও অ্যালাইড হেলথ শিক্ষা কার্যক্রম মনিটর করবে। সেই দায়িত্ব দিয়ে এই বোর্ড গঠন করা হবে। এই বোর্ডটির একজন চেয়ারম্যান থাকবেন।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ ও বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন এর পরিচালক থাকবেন। সরকারি মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল ও সরকারি ডেন্টাল কলেজের একজন প্রিন্সিপালও থাকবেন। বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে একজন ও হেলথ টেকনোলজি থেকেও একজন থাকবেন। এভাবে ১৬ ক্যাটাগরির লোকজন বোর্ডে থাকবেন। বোর্ডের চেয়ারম্যান হবেন প্রধান নির্বাহী। আর রেজিস্ট্রার বলে একটি পদ থাকবে, যিনি প্রশাসনিক কাজের দায়িত্ব পালন করবেন। সরকার অনুমোদিত নির্দিষ্ট একটি অর্গানোগ্রাম থাকবে। সে অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম নিতে পারবেন।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
৩ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৭ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
৭ ঘণ্টা আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
৭ ঘণ্টা আগে