Ajker Patrika

ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৯: ৪৫
ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। ফাইল ছবি

রাজধানীর ভাটারায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায়। ডিবির পক্ষ থেকে জানানো হয়, ওই বাসায় অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল।

অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) বিধি অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত