
দেশে সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ‘সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল। কিন্তু গেল ১৫ বছরে তারা যা করেছে, সেটা তাদের ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। দেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে, তাহলে প্রচণ্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে।’
আইন উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগকে অনেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছেন। একটি দলকে কখন সন্ত্রাসী সংগঠন বলা উচিত, যারা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি নস্যাৎ করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও শোষণহীন সমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে সশস্ত্র সংগ্রাম করে, তাদের সন্ত্রাসী সংগঠন বলা উচিত।’
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, তখন অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে।’
দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানে ৯০ দিনের একটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে—নির্বাচন কমিশনের এমন বক্তব্য প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনের অনুধাবন করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কী ছিল? ভুয়া নির্বাচন করা যাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজেরটা বিবেচনা করুক।’
আদালত চত্বরে সাবেক মন্ত্রী দীপু মনিসহ আসামিদের ওপর হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমানকে (দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক) কীভাবে নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল, তখন আপনারা কী এই প্রশ্নটি করতে পেরেছিলেন? আপনাদের টিভিতে দেখাতে পেরেছিলেন? একটি মন্ত্রিসভাকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসার দায় তো সাবেক সরকারের।’
আসিফ নজরুল বলেন, ‘বিগত সরকারের মন্ত্রিসভার সদস্যদের এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন, একটা জনরোষের তৈরি হয়েছে। মাহমুদুর রহমানের ওপর তো জনরোষ ছিল না, তাঁকে রক্তাক্ত করা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। এভাবে অনেক সাংবাদিককে অপদস্থ করা হয়েছিল। আদালতে যাওয়ার সময় কারও ওপর হামলা করা উচিত না। কোনোভাবেই সমর্থনযোগ্য না।’
বিগত সরকারের জুলুম–অত্যাচারের বিষয়টি তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘গত ১৫ বছরে অনেকে চাকরি হারিয়েছেন, জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেড়িয়েছেন, জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছেন, গুম–হত্যার শিকার পরিবার আছে, এখন মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, এগুলো কিছু বহিঃপ্রকাশ ঘটে। তবে সেই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না।’
পুলিশ মনোবলহীন অবস্থায় রয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘এটা সাবেক সরকারের অবদান। তারা পুলিশকে এমন একটি গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল, পুলিশ সাহস করে তাদের বাধা দিতে পারে না। তখন বিক্ষুব্ধ করা বলে “তোরা তো ওনার (হাসিনার) পুলিশ”। বিভিন্ন কৌশলে ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে।’

নতুন বাসিন্দা হিসেবে বঙ্গভবনে ওঠা মির্জা ফখরুল ইসলামের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতার বিষয়। রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তফসিল অনুযায়ী ২০ আগস্ট হবে ভোট। জাতীয় সংসদের বর্তমান হিসাব অনুযায়ী সহজেই বলা যায়, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনিই হতে চলেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
৮ ঘণ্টা আগে
দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি তীব্র রূপ ধারণ করায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের চাহিদার মাত্র ২৯ শতাংশ এবং সার কারখানাগুলো মাত্র ৩৮ শতাংশ গ্যাসের সরবরাহ পাচ্ছে। ফলে সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের পাশাপাশি কৃষি খাতের জন্য অত্যাবশ্যকীয় সার উৎপাদনে বড় ধরনের...
৮ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৯ ঘণ্টা আগে
দেশজুড়ে লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের বরাদ্দ বাড়িয়েছে সরকার। এলএনজি সরবরাহ অনেক কমে যাওয়ায় যানবাহন, শিল্প ও বাসাবাড়ির জন্য গ্যাসের বরাদ্দ এমনিতেই কমে গেছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোয় দৈনন্দিন জীবনের অন্যান্য খাতে গ্যাসের অভাব আরও বেড়েছে।
১০ ঘণ্টা আগে