
ভ্যাট আদায় বাড়াতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি তিন মাস পরপর ভ্যাট রিটার্ন ও পেমেন্ট জমা দেওয়ার সুযোগ বাতিল করে আগের মাসিক জমা এবং পেমেন্ট ব্যবস্থা পুনর্বহাল করতে যাচ্ছে সরকার।
আজ সোমবার এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ৬৪ ধারা সংশোধনের জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রতি কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে খসড়ায়। ১৫তম দিবসে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে।
কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সর্বশেষ বাজেটে ত্রৈমাসিক ভ্যাট দাখিল ব্যবস্থা চালু করা হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ড সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বলেছিল, এর ফলে ভ্যাট আদায় মন্থর হয়ে পড়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ উপলক্ষে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ এক ঐতিহাসিক ঘটনা, যা বাংলাদেশের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন; ইতিপূর্বে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন এবং তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই পরিবারের তিনজন সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব বিশ্বের ইতিহাসে অনন্য ঘটনা। চার দিনের সফরে প্রধানমন্ত্রী ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশ নিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দিয়েছেন, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরেছে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছে।

সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে এবং কাকে গণ্য করা হবে না—এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন।
৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে—এমন দাবি করে ২ ও ১৩ সেপ্টেম্বর করা সংস্থাটির প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
৩৫ মিনিট আগে
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আর পরীক্ষার ফল পজিটিভ হলে বা কেউ ডোপ টেস্টে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে এ সংক্রান্ত আইন, বিধি ও নির্দেশিকা সংশোধন...
১ ঘণ্টা আগে
সাধারণ মানুষের গণপরিবহন সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ইজারা বা ভাড়া না দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট করেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে আইনি নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করেন তিনি।
২ ঘণ্টা আগে