
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর অবস্থা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী জনগণের সহযোগিতায় দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও দৃশ্যমান উন্নতি হবে।’
সংসদে দেওয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১৮ হাজার ৪০টি মামলা করা হয়েছে এবং ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই। হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে চাকরিচ্যুত সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই।’
ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রকল্পটির ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে। একনেকে অনুমোদন হলে পুরো ঢাকা মহানগরকে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে জানান, প্রতিবছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার ও ১৫ হাজারের বেশি মানুষ নদীভাঙনের কারণে বাস্তুচ্যুত হন। শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার এবং বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। প্রতিবছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করছেন।

গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ তৈরি না করে ঐক্যবদ্ধভাবে কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি দল ও বিরোধী দল-সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ভিন্নমত ও রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন শত্রুতায় রূপ না নেয়...
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। গত ২৭ আগস্ট শুরু হয়ে এ অধিবেশন শেষ হয় আজ বৃহস্পতিবার। এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সমাপনী বক্তব্য দেন। এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধিবেশন সমাপনী-সংক্রান্ত নোটিশ পাঠ করে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ..
১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দিচ্ছেন ডিজিটাল হাজিরা...
৩৯ মিনিট আগে
বিরোধী দলকে সভাপতি পদ না দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সব সংসদীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার চারটি কমিটি গঠনের মাধ্যমে মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৯টি ও বিষয়ভিত্তিক ১১টি কমিটি গঠন করা হয়। এর মধ্যে শুধু সরকারি হিসাব-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে।
৪৩ মিনিট আগে