একেক ঋতুতে তার সৌন্দর্যে যোগ হয় একেক রং। শীতে যেমন ঘন সবুজ আর হলুদ, বর্ষায় তেমনি রুপালি। গ্রীষ্ম আর শীতে ফসলের সমারোহ দেখে বোঝার উপায় নেই, বর্ষায় ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে তীরে। ঈশান কোণে মেঘ দেখা দিলেই শুরু হয় মাঝিদের সতর্কতা। এর নাম চলনবিল। বইয়ে পড়া হয়েছে বটে, মাছের প্রাকৃতিক প্রজননের বিরাট জায়গা এটি। কিন্তু এর যে একই অঙ্গে অনেক শোভা, সে কথা লেখা নেই তেমন কোথাও।
টাঙ্গুয়ার হাওরের মতো কদর এখনো পায়নি চলনবিল। তাই বলে কোনো অংশে তার রূপের খামতি নেই। বর্ষাকালে সেই রূপের পসরা সাজিয়ে পর্যটকদের ডাকছে চলনবিল। দেশের বৃহত্তম বিল এটি। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার অনেক ছোট বিল আর ৪৭টি নদী নিয়ে চলনবিল। বর্ষায় পানির প্রবাহ বেড়ে ছোট ছোট বিল ও নদীগুলো একসঙ্গে সুবিশাল বিলের রূপ নেয়। তিন জেলা হলেও চলনবিলের বড় অংশ রয়েছে নাটোর জেলার সিংড়া ও গুরুদাসপুর উপজেলাজুড়ে।
চলনবিলের দর্শনীয় জায়গাগুলো মূলত বর্ষাকালেই বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ইঞ্জিনচালিত নৌকা, বইঠার নৌকা, পালতোলা নৌকায় ঘুরে দেখা যায় বিলের বিভিন্ন অংশ। এর অন্যতম দর্শনীয় জায়গা হজরত ঘাসী দেওয়ান (রহ.)-এর মাজার, যা দেশব্যাপী পরিচিত তিশিখালীর মাজার নামে। বর্ষায় যখন চারদিকে পানি থইথই করে, তখন দ্বীপের মতো জেগে থাকে এই মাজারটি। এর চারদিকে সারি সারি নৌকা বাঁধা থাকে। জনশ্রুতি আছে, আনুমানিক ৩৫০ বছর আগে সিংড়ার ডাহিয়া এলাকায় ইসলাম প্রচার করতে আসেন হজরত ঘাসী দেওয়ান। জনাকীর্ণ প্রান্তর তিশিখালীতে চাটাই দিয়ে তৈরি ছোট্ট ঘরে বাস করতেন তিনি। পরে সেই জায়গায় তৈরি হয় মাজার। বর্ষার দিনগুলোতে, বিশেষ করে শুক্রবারে এই মাজারকে কেন্দ্র করে বসে তিশিখালীর মেলা।
এখন চলনবিলের আকর্ষণীয় দিক হলো, কংক্রিটে নির্মিত সাবমার্সিবল সড়ক। সিংড়া পয়েন্ট থেকে শুরু হয়ে সড়কটি চলে গেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিকে। ভরা বর্ষায় ডুবে থাকা প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কে চলাচল করা যায়। গুরুদাসপুর উপজেলার বিলসা ব্রিজ এখন আকর্ষণীয় হয়ে উঠেছে ডুবে থাকা রাস্তাটির জন্য। আশপাশে জনপদ না থাকলেও বিলসা একটি গ্রাম। বর্ষায় বিলসার চারদিক ডুবে থাকে পানিতে। দ্বীপের মতো এ জায়গায় পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে ‘স্বর্ণদ্বীপ’ নামে একটি কৃত্রিম দ্বীপ।
বছরের পর বছর চলনবিলে পাওয়া নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মাছ ধরার বিভিন্ন সরঞ্জামসহ অনেক দুর্লভ জিনিস নিয়ে গড়ে উঠেছে চলনবিল জাদুঘর। গুরুদাসপুরের খুবজিপুরে গ্রামে গড়ে ওঠা এই জাদুঘরও অনেক পর্যটকের কাছে আকর্ষণীয় জায়গা। এ ছাড়া গুরুদাসপুরের বিলসা ও সিরাজগঞ্জের তাড়াশের কুন্দইলের বুক চিরে বয়ে চলা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তাড়াশ এলাকার ৯ ও ১০ নম্বর ব্রিজ এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও আকর্ষণ করবে আপনাকে।
যেভাবে যাওয়া যাবেন
একসময়ের দুর্গম চলনবিলে যাওয়া এখন অনেক সহজ। দেশের যেকোনো জায়গা থেকে চলনবিল দেখতে আসতে হবে নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা নয়াবাজার অথবা নাটোর শহরে। কাছিকাটা থেকে বিলসা দেখে সেখান থেকে দেড় থেকে দুই হাজার টাকায় নৌকা ভাড়া করে পর্যটকেরা আসতে পারবেন মূল চলনবিল দেখতে। এ ছাড়া নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে এক ঘণ্টা দূরত্বে প্রথমে বাসে বা সিএনজিচালিত অটোরিকশায় ৫০ টাকা ভাড়ায় এবং পরে সিংড়ার চলনবিল গেট থেকে পেট্রোবাংলা পয়েন্ট পর্যন্ত ১০ থেকে ২০ টাকা ভাড়ায় চলনবিল পয়েন্টে যাওয়া যাবে। পয়েন্ট থেকে দেড় থেকে দুই হাজার টাকায় বিভিন্ন আকারের নৌকা ভাড়া নিয়ে এক থেকে দেড় ঘণ্টায় ঘুরে দেখা যাবে চলনবিলের বিশাল অঞ্চল।

যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ড. ইতামার শাতজ তাঁর গবেষণায় এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি তাঁর ‘সলভিং প্রোক্রাস্টিনেশন’ বইয়ে দেখিয়েছেন, মানুষ আসলে মোট ৯টি ভিন্ন উপায়ে বা ধরনে কাজ জমিয়ে রাখে। আলসেমি দূর করা মানেই দিনরাত গাধার খাটুনি নয়। এর অর্থ, কোনো অপরাধবোধ ছাড়া...
৪ ঘণ্টা আগে
ফরাসি নারীরা তাঁদের হালকা বাদামিরঙা ঝলমলে সুন্দর চুল পেতে কী করেন বলুন তো? শুধুই কি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা তাঁদের কাজ? নাকি অন্য কোনো রহস্য রয়েছে? চলুন, ফরাসি নারীদের মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্যের সন্ধান করি। ফরাসি নারীরা এই বিষয়ের ওপর যথেষ্ট জোর দেন। স্বাস্থ্যকর চুল, নখ আর ত্বকের...
৬ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের মুখ না দেখলে যেন আমাদের দিনটা ঠিক শুরু হয় না। তাই ত্বকের যত্নে শুধু ভালো পণ্য কেনাই নয়, জানতে হবে সেগুলো ব্যবহারের সঠিক সময় ও নিয়ম। যে নিয়ম মেনে ত্বকের যত্ন নিলে ধীরে ধীরে আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত। জেনে নিতে পারেন...
৮ ঘণ্টা আগে
পাঙাশ মাছ বেশ জনপ্রিয় আমাদের দেশে। চাষের ও নদীর—দুই ধরনের পাঙাশ পাওয়া যায়। নদীর পাঙাশের স্বাদ চাষেরটির চেয়ে ভিন্ন, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে চাষের ও নদীর; যা-ই হোক না কেন, ঠিকমতো রান্না করতে পারলে এ মাছের তরকারি বেশ সুস্বাদু। এমনি একটি রেসিপি ও তার ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
১০ ঘণ্টা আগে